
সমুদ্রপথে ইউরোপের দেশ ইতালি যাওয়ার পথে লিবিয়ার বন্দিশালায় মাদারীপুরের কালকিনির ইলিয়াস হাওলাদার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে নিহত যুবকের পরিবার মৃত্যুর খবরটি জানতে পারে। এর পর থেকে পরিবারে চলছে শোকের মাতম। লাশ দেশে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এর আগে ১৮ মার্চ একই দালালের মাধ্যমে ইতালি যাওয়ার পথে লিবিয়ার বন্দিশালায় নির্যাতনে মারা যান ডাসার উপজেলার বিনতিলুক গ্রামের সেকেন হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার (৩২)।
খোঁজ নিয়ে জানা যায়, কালকিনি পৌর এলাকার দক্ষিণ জনারদন্দী গ্রামের কালাম হাওলাদারের ছেলে ইলিয়াস হাওলাদার। প্রায় তিন বছর আগে ইলিয়াস প্রথমে কাতার যান। পরে ডাসার উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের বাসিন্দা হাবিব খন্দকারের (৪২) সহযোগিতায় ইলিয়াস ইতালির স্বপ্ন দেখেন।
কাতার থেকে ইলিয়াস ইতালির উদ্দেশে ২০২৫ সালের আগস্ট মাসে লিবিয়ায় আসেন। সেখানে আসার পর তাঁকে বন্দিশালায় রেখে পরিবারের কাছ থেকে কয়েক দফায় ২০ লাখ টাকা নেন দালাল। টাকা নেওয়ার পরও তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়।
নির্যাতনের একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। ২৩ মার্চ বিনা চিকিৎসায় মারা যান ইলিয়াস। এরপর বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে দালাল চক্র মারা যাওয়ার বিষয়টি পরিবারকে জানায়।
ইলিয়াস হাওলাদারের বাবা কালাম হাওলাদার বলেন, ‘ছেলে ইতালি যাবে, তাই দালাল হাবিবকে ২০ লাখ টাকা দিয়েছি। তবুও ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে। নির্যাতন করেছে, লিবিয়ার গেমঘরে (বন্দিশালা) বিনা চিকিৎসায় মারা গেছে। এখন হাবিব টাকাপয়সার মাধ্যমে বিষয়টি মীমাংসার জন্য প্রস্তাব দিয়েছে। আমি বিচার চাই। পাশাপাশি আমার ছেলের লাশ দেশে এনে শেষ দেখাটা দেখতে চাই।’
অভিযোগ রয়েছে, অভিযুক্ত হাবিব উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক যুবককে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে লিবিয়ার বন্দিশালায় আটকে রাখেন।
একই গ্রামের আয়নাল, মিথুনসহ নাম প্রকাশে অনিচ্ছুক লিবিয়ার বন্দিশালায় আটকে থাকা যুবকদের পরিবার জানায়, ইতালি পাঠানোর জন্য হাবিব তাদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছেন। কিন্তু তাদের সন্তানেরা ইতালি যেতে পারেননি। তাঁদের কয়েক মাস ধরে লিবিয়ার বন্দিশালায় আটকে রেখে নির্যাতন করা হচ্ছে।
দালালের বিরুদ্ধে কথা বললে সন্তানদের আরও বেশি করে নির্যাতন করা হয়। এমনকি মেরেও ফেলতে পারে। তাই তারা সন্তানের জীবনের কথা চিন্তা করে মামলা দেওয়া তো দূরের কথা, প্রতিবাদও করতে পারছেন না।
এ ঘটনায় হাবিব খন্দকার গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। গ্রামের বাড়িতেও তাঁকে পাওয়া যায়নি। এমনকি তাঁর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, লিবিয়ার গেমঘরে নিহত ইলিয়াস হাওলাদারের বাড়িতে খবর নেওয়া হচ্ছে। তবে দালালের বিরুদ্ধে মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
২ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
২ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১০ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
১০ দিন আগে