
খুলনার দীঘলিয়া উপজেলার দলিল লেখকদের কথোপকথনের কল রেকর্ডে সাব-রেজিস্ট্রি অফিসের ঘুষ কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়েছে। বিশেষ করে এই কথোপকথনে দলিল লেখকেরা রেজিস্ট্রি বাবদ প্রতি লাখে সাব-রেজিস্ট্রারকে ৫০০ টাকা করে ঘুষ দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। একই সঙ্গে তাঁরা এভাবে আর ঘুষ দেবেন না বলেও ঐক্যবদ্ধ সিদ্ধান্তের বিষয়েও মোবাইলে একে অপরের সঙ্গে আলোচনা করেছেন।
জানা যায়, দলিল লেখকদের বিষয়টি ফাঁস হওয়ায় সাব-রেজিস্ট্রার দলিল করার ক্ষেত্রে দীর্ঘ বছরের প্রচলিত নিয়ম পরিবর্তন করে ‘কাগুজে নিয়ম’ চালু করেন। আর এ কারণেই ক্ষুব্ধ হয়ে দলিল লেখকেরা প্রতিবাদস্বরূপ দলিল লেখা বন্ধ করে দেন। এভাবে সাব-রেজিস্ট্রার ও দলিল লেখকদের পরস্পরবিরোধী অবস্থানের কারণে দীঘলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে গত তিন সপ্তাহ যাবৎ দলিল রেজিস্ট্রি বন্ধ রয়েছে।
অন্যদিকে, সাব-রেজিস্ট্রার ও দলিল লেখকদের পরস্পরবিরোধী অবস্থানের মধ্যেই হঠাৎ করে গতকাল বুধবার দলিল লেখকেরা সংবাদ সম্মেলন করে স্ববিরোধী বক্তব্য দিয়েছেন। কল রেকর্ডে সাব-রেজিস্ট্রার শুভ্রা রাণী বাড়ৈর বিরুদ্ধে ঘুষের আলোচনা হয়। কথোপকথনে দলিল লেখকেরা সবাই সাব-রেজিস্ট্রারের ঘুষ গ্রহণের বিষয়টি এক বাক্যে স্বীকার এবং তা বন্ধের ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন।
কিন্তু হঠাৎ করে কী কারণে তাঁরা সংবাদ সম্মেলন করে স্ববিরোধী বক্তব্য দিয়েছেন, সে বিষয় নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দীঘলিয়া দলিল লেখক সমিতির সভাপতি মোড়ল মফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি সমিতির নামে দলিল লেখকদের কর্মবিরতির বিষয়টি স্বীকার করেন।
দীঘলিয়া সাব-রেজিস্ট্রার শুভ্রা রাণী বাড়ৈ ঘুষ গ্রহণের বিষয়টি অস্বীকার করেছেন। তবে অফিসে লেনদেনের বিষয়টি সরাসরি অস্বীকার না করলেও ‘সাব-রেজিস্ট্রি অফিসের বিষয়টি বোঝেন তো’ বলে এড়িয়ে যান।
এ বিষয়ে জেলা রেজিস্ট্রার দিপক কুমার সরকার বলেন, দীঘলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রির জন্য অতিরিক্ত অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে। এ কারণে দলিল লেখকদের একটি রসিদ প্রদানের কথা বলা হয়েছে। সেখানে অর্থ গ্রহণের সব লিপিবদ্ধ থাকবে।
প্রসঙ্গত, এরই মধ্যে দীঘলিয়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দলিলের ভ্রম (ভুল) সংশোধনের জন্য অর্থ দাবি এবং অসদাচরণের অভিযোগের তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি দীঘলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে এ বিষয়ে সংশ্লিষ্টদের সাক্ষ্য গ্রহণ করেন। তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা খুলনা সদর সাব-রেজিস্ট্রার মো. আনোয়ার হোসেন। অভিযোগ রয়েছে, সাব-রেজিস্ট্রার শুভ্রা রাণী বাড়ৈ এবং অফিসের পেশকার (কেরানি) মো. আব্দুল গণি ১৩টি দলিলের ভুল সংশোধনের জন্য দলিলপ্রতি ৫ হাজার টাকা অর্থ দাবি করেন। একই সঙ্গে দলিল লেখক ফেরদাউস লিটুর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১১ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১১ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
২৩ দিন আগে
বিদেশে অর্থ পাচার রোধে সরকারের নানা পদক্ষেপের মধ্যেও অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার মাধ্যমে দেশি-বিদেশি চক্র সহজেই অর্থ পাচার করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৩ দিন আগে