
যুক্তরাজ্য সরকার তাদের অধীনে থাকা চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছে। তবে এই পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তাঁর প্রশাসনের পররাষ্ট্র দপ্তর চুক্তিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ার পরও তিনি এই কড়া অবস্থান ব্যক্ত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গতকাল বুধবার ট্রাম্প বলেন, মরিশাসের কাছে দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব ফিরিয়ে দেওয়া এবং দিয়েগো গার্সিয়া দ্বীপটি ইজারা নিয়ে সেখানে থাকা যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি চালু রাখার চুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘বড় ভুল’ করছেন।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে সতর্ক করে বলেন, স্টারমার ‘এর আগে কখনো শোনা যায়নি এমন কিছু সত্তার দাবির কারণে এই গুরুত্বপূর্ণ দ্বীপের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন।’ তিনি আরও লেখেন, ‘আমাদের মতে, এগুলো প্রকৃত নয়, কাল্পনিক প্রকৃতির।’
ভারত মহাসাগরের এই দ্বীপপুঞ্জ ১৮১৪ সালে ব্রিটিশ ভূখণ্ডের অংশ হয়। ১৯৬০-এর দশকে মরিশাস স্বাধীনতা পাওয়ার আগে যুক্তরাজ্য এটি মরিশাস থেকে আলাদা করে। পরে দিয়েগো গার্সিয়ায় সামরিক ঘাঁটি নির্মাণের জন্য যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করে এবং দ্বীপবাসীদের জোরপূর্বক সেখান থেকে সরিয়ে দেয়। দ্বীপটি যুক্তরাষ্ট্রের কাছে ইজারা দেওয়া হয়। এরপর ২০১৯ সালে দ্বীপগুলোর সার্বভৌমত্ব নিয়ে আইনি লড়াইয়ে মরিশাস জয়ী হয়। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যুক্তরাজ্যকে দ্বীপগুলোর নিয়ন্ত্রণ ছেড়ে দিতে আহ্বান জানায়। এরপর জাতিসংঘ একটি প্রস্তাব পাস করে যুক্তরাজ্যকে ছয় মাসের মধ্যে দ্বীপগুলো ফিরিয়ে দিতে বলে।
তবে যুক্তরাজ্য দিয়েগো গার্সিয়ার ওপর ৯৯ বছরের ইজারা বজায় রাখবে। প্রয়োজনে মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। এর জন্য বছরে প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড, অর্থাৎ প্রায় ১৩৫ মিলিয়ন ডলার খরচ হবে। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের এক মুখপাত্র বুধবার বলেন, এই চুক্তি ‘যুক্তরাজ্য ও আমাদের প্রধান মিত্রদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্রিটিশ জনগণকে নিরাপদ রাখতে সহায়ক।’ তিনি বলেন, ‘এই গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিশ্চিত করার একমাত্র উপায় হলো আমরা যে চুক্তিতে পৌঁছেছি সেটি।’
ট্রাম্প জানুয়ারিতেও এই চুক্তির সমালোচনা করেছিলেন। তবে ফেব্রুয়ারির শুরুতে স্টারমারের সঙ্গে কথা বলার পর তিনি বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ‘তাঁর পক্ষে সম্ভব সেরা চুক্তিটিই করেছেন।’ বুধবার ট্রুথ সোশ্যালের পোস্টে প্রেসিডেন্ট আরও সতর্ক করেন, যদি ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি না করে, তাহলে সম্ভাব্য হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে দিয়েগো গার্সিয়া এবং ফেয়ারফোর্ডের বিমানঘাঁটি ব্যবহার করতে হতে পারে। তিনি বলেন, এই সম্ভাব্য হামলা যুক্তরাজ্য ও অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশের ওপর হতে পারে।
ইজারাকে অনিশ্চিত উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাজ্যকে ‘ওয়োকবাদ এবং তাদের সামনে আসা অন্যান্য সমস্যার মুখে দৃঢ় থাকতে হবে।’
চাগোসের বাসিন্দারা, যাঁদের মরিশাস ও সিশেলসে পাঠানো হয়েছিল এবং যাঁদের অনেকে যুক্তরাজ্যে বসতি গড়েছেন, বহু বছর ধরে নিজেদের দ্বীপে ফিরে যাওয়ার জন্য লড়াই করে আসছেন।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে