রাজধানীর কাওরানবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। অজ্ঞাত ওই যুবকের বয়স আনুমানিক ২৭ বছর।
জানা যায়, ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। রাত পৌনে ১১টার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা মো. হৃদয় জানান, রাত ৯টার দিকে কাওরানবাজার প্রিন্স হোটেলের সামনে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল ওই যুবক। এ সময় পাশে একটি বাইসাকেলও পরেছিল। পরে আমি সহ কয়েকজন তাঁকে সিএনজিতে করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত যুবকের পেটে ও হাতে ছুরিকাঘাতের চিহ্ন আছে। তাঁর পরনে ছিল গেঞ্জি ও পায়জামা।
তিনি আরও বলেন, তাঁর কাছে একটি হ্যান্ড ব্যাগ পাওয়া গেছে। তবে মোবাইল ফোন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।










