
কক্সবাজার জেলা ও ট্যুরিস্ট পুলিশের শেখানো কথা সব জায়গায় বলতে হয়েছে বলে অভিযোগ করেছেন সৈকতে দলবদ্ধ ধর্ষণের শিকার নারীর স্বামী। তিনি বলেছেন, আদালতে জবানবন্দি, ৯৯৯-এ ফোনসহ অনেক সত্য গোপন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
আজ সোমবার রাতে আজকের পত্রিকাকে ফোনে এসব কথা বলেন তিনি।
টানা চার দিন ট্যুরিস্ট পুলিশের হেফাজতে ‘বন্দিদশা’ থেকে মুক্তি পেয়ে অনেকটা গোপনে ঢাকার যাত্রাবাড়ীর বাসায় ফিরেছেন ভোক্তভোগী ও তাঁর পরিবার। আজ সকালে তাঁরা ঢাকায় ফেরেন।
আজকের পত্রিকাকে ভুক্তভোগীর স্বামী বলেন, চার দিন থানা-পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের জেরার মুখে পড়েছিলেন। অনেক সত্য লুকিয়ে মিথ্যা বলতে হয়েছে। এমনকি আদালতেও পুলিশের শেখানো কথা বলতে হয়েছে। এখন এসব বিষয় তিনি গণমাধ্যমকে বলতে চান।
ভুক্তভোগী নারীর স্বামী আরও বলেন, ৯৯৯ নম্বরে ফোন দেওয়ার কথা পুলিশ অস্বীকার করলেও ঘটনাটি সত্য। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে তিনি ট্রিপল নাইনে তিনবার ফোন করেন। এর মধ্যে দুবার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা হয়। তবু তাঁরা সাহায্য করেননি। তাঁর অভিযোগ, নিজেদের দোষ ঢাকতে সবার সামনে ৯৯৯-এ ফোন দেওয়া নিয়ে মিথ্যা বলছে পুলিশ।
ব্যাপক সমালোচনার পর সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী পর্যটক ও তাঁর স্বামী-সন্তানকে নিজেদের হেফাজত থেকে ছেড়ে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ। গত রোববার রাত ৮টার দিকে তাঁদের বাসে তুলে দেয় পুলিশ। আজ সকালে ভুক্তভোগী নারী ও তাঁর স্বামী-সন্তান ঢাকার যাত্রাবাড়ীর জুরাইনের বাসায় পৌঁছান।
তবে ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তাঁদের আটকে রাখিনি। তাঁরা নিজেদের মতো চলে গেছেন। সকালে ঢাকায় পৌঁছেছেন।’
২৩ ডিসেম্বর রাতে ধর্ষণের শিকার নারীর স্বামী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় সন্ত্রাসী মো. আশিক (২৮), মো. বাবু (২৫), ইসরাফিল হুদা ওরফে জয় (২৮), রিয়াজ উদ্দিন ওরফে ছোটন (৩০) এবং অজ্ঞাতনামা আরও তিনজনসহ সাতজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
রোববার রাতে মাদারীপুর থেকে প্রধান আসামি আশিককে গ্রেপ্তার করে র্যাব। তাঁর বাড়ি কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়া এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন।
ভুক্তভোগীর স্বামীর করা মামলার এজাহারে বলা হয়েছে, ২২ ডিসেম্বর বিকেলে স্বামী ও ৮ মাসের শিশুসন্তানকে নিয়ে সৈকতের লাবণী পয়েন্টে নামেন ওই নারী। বালুচর দিয়ে হেঁটে পানির দিকে নামার সময় তাঁর স্বামীর সঙ্গে সামান্য ধাক্কা লাগে আশিকের। এর জের ধরে সন্ধ্যায় পর্যটন গলফ মাঠ এলাকা থেকে ওই নারীকে তুলে নিয়ে প্রথমে ঝুপড়ির একটি চায়ের দোকানে এবং পরে কলাতলীর একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন আশিকের নেতৃত্বে কয়েকজন।
আজ র্যাবের সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার আশিক বলেছেন, ওই দম্পতির আট মাস বয়সী সন্তানটির জন্মগতভাবে হৃদ্যন্ত্রে ছিদ্র। চিকিৎসার জন্য প্রয়োজন ছিল ১০ লাখ টাকা। সেই টাকা জোগাড় করতে স্বামীসহ কক্সবাজারে অবস্থান করছিল পরিবারটি। দেশি-বিদেশি পর্যটকদের কাছে সহায়তা চাচ্ছিল। পর্যটকদের কাছ থেকে টাকা সংগ্রহের বিষয়টি জেনে যায় আশিকের চক্র। তাঁদের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। সে টাকা না পাওয়ার ক্ষোভে ওই নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে।
সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ওই দিন নারীকে সৈকত থেকে তুলে নিয়ে পোস্ট অফিসের পেছনে একটি ঝুপড়ি চায়ের দোকানে নিয়ে যায় আশিকের চক্র। দোকানটির পেছনে থাকা কক্ষে আশিকের দুই বন্ধু নারীকে ধর্ষণ করে। এর পর তাঁকে মোটরসাইকেলে তুলে কলাতলী জিয়া গেস্ট ইন হোটেলে নেন আশিক। সেখানে তাঁকে ধর্ষণ করেন তিনিও। বিষয়টি ব্যাপকভাবে স্থানীয় পর্যায়ে ও বিভিন্ন মিডিয়াতে জানাজানি হলে আশিক আত্মগোপন করেন। পরে বেশভূষা পরিবর্তন করে ঘটনার দুদিন পর কক্সবাজার থেকে ঢাকায় আসে। রোববার ঢাকা থেকে পটুয়াখালী যাওয়ার পথে মাদারীপুরের মোস্তাফাপুর বাসস্ট্যান্ড থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন আশিক।
খন্দকার আল মঈন বলেন, ‘গণমাধ্যমে যেমনটা এসেছিল, বিষয়টি তেমন না। ওই নারী চক্রটির পূর্বপরিচিত ছিলেন না। ঘটনার এক দিন আগে সৈকতে তাঁদের পরিচয় হয়।’

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
১০ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
১৩ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
১৪ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
২১ দিন আগে