Ajker Patrika

পৃথক দুই মামলায় আ.লীগ-ছাত্রলীগের পাঁচ নেতা রিমান্ডে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
পৃথক দুই মামলায় আ.লীগ-ছাত্রলীগের পাঁচ নেতা রিমান্ডে
ফাইল ছবি

জুলাই আন্দোলনকেন্দ্রিক রাজধানীর দুটি থানায় করা একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে ভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পৃথক পৃথক আবেদনে পৃথক পৃথক আদেশে তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে , যাত্রাবাড়ী থানায় করা পারভেজ মিয়া হত্যা মামলায় যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ মুন্না (৫৬) ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসানকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস রিমান্ড মঞ্জুর করেন।

তাঁদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান।

২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ী ও আশপাশ এলাকায় আন্দোলন চলাকালে ব্যাপক গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ ও ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে শতাধিক আন্দোলনকারী আহত হন ও কয়েকজন নিহত হন। ওই দিন বিকেল ৫টার দিকে তোরাবাড়ি চৌরাস্তায় পারভেজ মিয়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে প্রথমে মুগদা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে স্বজনেরা মরদেহ শনাক্ত করে মাতুয়াইল কবরস্থানে দাফন করেন। এ ঘটনায় পরে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়।

শাহবাগ থানার মামলা

রাজধানীর শাহবাগ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা একটি মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাসহ তিনজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন।

যাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সিয়াম রহমান (২৮), কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজসেবাবিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী মো. মাহবুবর রহমান মাহবুব (২৭) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ লাভলু (২০)।

আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই বেলা ১১টার দিকে শাহবাগ থানাধীন প্রেসক্লাবের সামনে সেগুনবাগিচা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা চালান। এতে অজ্ঞাতনামা ৭০-৮০ জন অংশ নেন।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ইট, কাচ, বোতল, কাঠ, পাইপ, লোহার রড, লাঠি, রামদা, আগ্নেয়াস্ত্রসহ দেশি-বিদেশি অস্ত্র ব্যবহার করে দফায় দফায় হামলা চালান। অনেককে হেলমেট পরা অবস্থায় শিক্ষার্থীদের ওপর গুলি চালাতে দেখা যায়। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন। এ সময় নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগও ওঠে।

এ হামলায় ৪০-৫০ শিক্ষার্থী ও পথচারী আহত হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করেন একজন শিক্ষার্থী।

এই পাঁচ আসামিকে আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সময়ে আটক করা হয়। পরে তাঁদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তাঁরা কারাগারে রয়েছেন। রিমান্ড শুনানির সময় প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর অতিরিক্ত পিপি মো. মুহাম্মদ শামসুদ্দোহা এসব তথ্য জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এরিয়া সেলস ম্যানেজার নেবে আকিজ গ্রুপ, থাকছে বছরে ২টি উৎসব বোনাস

চীনা স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান

দেশে মুক্তিযোদ্ধা ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী

বাংলাদেশি শিক্ষার্থীর ছদ্মবেশে যুক্তরাজ্যে মিথ্যা আশ্রয় প্রার্থনার বাজার উন্মোচন বিবিসির

আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত