
ঢাকার সাভার পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ায় চোর ও ডাকাতের উপদ্রব বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় প্রতি রাতেই কোনো না কোনো বাড়িতে চুরি কিংবা ডাকাতির ঘটনা ঘটছে। এসব ঘটনার পর থানায় অভিযোগ দিয়েও কাঙ্ক্ষিত প্রতিকার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের।
গতকাল রোববার গভীর রাতে উত্তরপাড়ার নৈশপ্রহরীরা সন্দেহভাজন চারজনকে আটক করে স্থানীয় বাসিন্দাদের খবর দেন। পরে এলাকাবাসী তাঁদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর করে। খবর পেয়ে সাভার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এনামুল হক ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। চিকিৎসা শেষে অভিযোগ না থাকায় তাঁদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্বৃত্তরা সাধারণত বাড়ির বারান্দা বা রান্নাঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর আলমারি ও শোকেসের ড্রয়ার ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। অনেক ক্ষেত্রে বাসার সদস্যরা জেগে উঠলে অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে হাত-পা বেঁধে মূল্যবান সামগ্রী লুট করে নেয়।
উত্তরপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, গত শনিবার রাতে দুর্বৃত্তরা তাঁদের বাড়ির নিচতলার রান্নাঘরের গ্রিল কেটে ভেতরে ঢুকে তাঁর মা মনোয়ারা বেগমের শয়নকক্ষ থেকে এক লাখ টাকা, দুটি সোনার কানের দুল ও একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
জাহাঙ্গীর আলম বলেন, ‘থানায় অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায় না। তাই এবার বিষয়টি পুলিশকে জানাইনি এবং কোনো অভিযোগও করিনি।’
একই রাতে পাশের বাড়ির বাসিন্দা আজিজুর রহমানের দ্বিতীয় তলার ভাড়াটিয়া ফরহাদ হোসাইনের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ফরহাদ জানান, চার থেকে পাঁচজন দুর্বৃত্ত রান্নাঘরের জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। পরে তারা তার মামাতো বোন রুমির কক্ষের দরজা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে এবং পাঁচ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুট করে।
তিনি আরও জানান, এরপর ডাকাতরা তার কক্ষে ঢুকে প্রায় এক ভরি স্বর্ণালঙ্কার, তিন ভরি রুপা, দুটি মোবাইল ফোন এবং নগদ ১২ হাজার টাকা নিয়ে যায়।
ফরহাদ হোসাইন বলেন, ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু সোমবার পর্যন্ত মামলা রুজুসহ কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে সাভার থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, ‘অভিযোগটির তদন্তের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জানা গেছে, গত শনিবার রাতে উত্তরপাড়ার মসজিদের পাশের হাবিবুর রহমানের বাড়িতেও গ্রিল কেটে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এদিকে সাভার লাইব্রেরির মালিক হোসেন আলীর বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটে নেপাল চন্দ্র সাহা জানান, গত বৃহস্পতিবার ভোররাতে তাঁর বাসার বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢুকে পাঁচ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় চোরেরা।
নেপাল চন্দ্র সাহা বলেন, ‘ঘটনার সময় আমরা ঘুমিয়ে ছিলাম। সকালে উঠে দেখি বারান্দার গ্রিল কাটা এবং টাকা ও মোবাইল ফোন নেই।’
স্থানীয় বাসিন্দা রিপন জানান, প্রায় ১৫ দিন আগে সাত থেকে আটজন দুর্বৃত্ত গ্রিল কেটে তাঁদের বাড়িতে ঢুকে তাঁর মা জাহানারা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ১০ ভরি স্বর্ণালংকার ও ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
রিপনের অভিযোগ, ‘ঘটনার পর থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত পুলিশ তদন্তে আসেনি।’
সন্দেহভাজন চারজনকে ছেড়ে দেওয়ার বিষয়ে এএসআই এনামুল হক জানান, চোর সন্দেহে আটক করার পর এলাকাবাসী তাঁদের মারধর করে। এতে তাঁরা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কারারক্ষীরা অসুস্থ অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে...
২ ঘণ্টা আগে
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রকাশিত গণবিজ্ঞপ্তির আলোকে ২০২৫ সালের নীতিমালা অনুযায়ী গত ৩ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত এমপিও আবেদন করা হয়। কিন্তু প্রায় ১০ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করা হয়নি।
২ ঘণ্টা আগে
বগুড়ার শাজাহানপুরে মাকসুদুর রহমান নান্নু নামে এক এনজিও কর্মকর্তাকে অফিস থেকে অপহরণের ৭ ঘণ্টা পর গাবতলী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।
২ ঘণ্টা আগে
নারীদের সক্রিয় রাজনীতিতে আসার পথে প্রধান প্রতিবন্ধকতা পিতৃতান্ত্রিক দলীয় সংস্কৃতি ও রাজনৈতিক সদিচ্ছার অভাব। ‘রাজনৈতিক দলগুলোর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সম্পর্কিত অবস্থান’ শীর্ষক গবেষণা জরিপে এই চিত্র উঠে এসেছে...
২ ঘণ্টা আগে