
লা লিগায় আগের ম্যাচে মায়োর্কার কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। সেই হারের পরই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খেলতে নামছে বার্নাব্যুর দলটি। প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। লিগ টেবিলের নিচের দিকে থাকা মায়োর্কার কাছে হেরে যাওয়া রিয়ালের জন্য বায়ার্ন কঠিন প্রতিপক্ষই।
এক দিকে রিয়ালকে যখন মনে হচ্ছে কিছুটা অগোছালো, তখন বায়ার্ন মিউনিখ গোছানো একটা দল। টানা ১৪ ম্যাচ অপরাজিত তারা। গত জানুয়ারিতে লিগ অগসবুর্গের কাছে হারের পর আর হারেনি ভিনসেন্ট কোম্পানির দল। দুর্দান্ত ফর্মে আছেন দলটির তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে করেছেন ৪৮ গোল। ব্রায়ার্নের যে অপ্রতিরোধ্য রূপ, তাতে কেইনের যেমন অবদান, তেমন অবদান তাঁর সতীর্থদের। বায়ার্ন মাঠে খেলে একটা ইউনিট হিসেবে। তবে স্বাগতিকেরা এই স্বস্তি নিয়ে মাঠে নামতে পারে—এটা চ্যাম্পিয়নস লিগ, আর তারা খেলবে ঘরের মাঠে।
ইউরোপীয় ক্লাব শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল। কারণ এটাই কি না, অন্যান্য প্রতিযোগিতায় রিয়াল খারাপ খেললেও একই সময়ে এই টুর্নামেন্টে তারা অনন্য রকম একটা দল। তাই মায়োর্কার কাছে হেরে লিগ শিরোপার দৌড়ে পিছিয়ে পড়লেও লিগের রিয়ালকে আজকের ম্যাচে বায়ার্ন আশা করলে সেটা হবে বড় ভুল। বায়ার্নের যতই টইটুম্বর আত্মবিশ্বাস থাকুক না কেন, রিয়ালের আছে ঐতিহ্য আর ‘অবিশ্বাস্য’ কিছু করে দেখানোর ইতিহাস। শেষ ষোলোরে কথাই ধরা যাক না! যখন মনে করা হচ্ছিল, চ্যাম্পিয়নস লিগে তাদের জাদুর ঝুলি যখন ফুরিয়ে আসছে, ঠিক তখনই শেষ ষোলোয় পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়ে মৌসুমের সেরা পারফরম্যান্স উপহার দিয়েছে তারা।
তাই লিগে মায়োর্কার বিপক্ষে হারের পর রিয়াল কোচ আরবেলোয়া বলতে পারছেন, ‘আমি জানি, আমার খেলোয়াড়েরা কী করতে পারে। তারা মঙ্গলবারের ম্যাচের গুরুত্ব বোঝে।’ আর কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম কিংবা ফেদেরিকো ভালভার্দেদের নিয়ে গড়া রিয়ালের আক্রমণভাগ যেকোনো প্রতিপক্ষের জন্যই ভয়ংকর।
তা ছাড়া রিয়াল খেলবে ঘরের মাঠে। বার্নাব্যু রিয়ালের জন্য কতখানি, সেটি বোঝা যায় বায়ার্নের নীতিনির্ধারক কার্ল-হেইঞ্জ রুমেনিগের কথায়, ‘স্টেডিয়াম আর সমর্থকেরা মিলে এমন এক ঝোড়ো হাওয়া তৈরি করে, যা প্রতিপক্ষকে উড়িয়ে নেয়। সেখানে স্নায়ু শক্ত রাখা আর মানসিকভাবে প্রস্তুত থাকা জরুরি।’ আর প্রতিপক্ষ রিয়াল, তখন কোনো কিছুরই নিশ্চয়তা নেই। বায়ার্নের সম্মানসূচক প্রেসিডেন্ট উলি হোয়েনেস বলছেন, ‘আমরাই নিশ্চিতভাবে পরের রাউন্ডে যাব, এমনটা ভাবা ঔদ্ধত্য হবে। তবে খেলার গুণগত মানের দিক থেকে অনেক বছর পর এবার আমাদের অনেক বড় সুযোগ রয়েছে।’
শেষ ষোলোয় দুই লেগ মিলিয়ে বায়ার্ন ১০-২ গোলে বিধ্বস্ত করেছে আতালান্তাকে। একটি আগ্রাসী এবং হাই-প্রেসিং ফুটবল খেলা বায়ার্ন লিগে ফ্রেইবুর্গের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচ জিতেছে। সেই ম্যাচে বায়ার্নের পক্ষে জয়সূচক গোল করা লেনার্ট কার্ল নিজেদের নিয়ে বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে। বর্তমানে আমরা নিজেদের অজেয় মনে করছি।’
এই ‘অজেয়’ বায়ার্নকে কি মাটিতে নামিয়ে আনতে পারবে রিয়াল?

বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা ও পরিবহন সক্ষমতা বাড়াতে দক্ষিণ কোরিয়ার অনুদানে একটি নতুন প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে দক্ষিণ কোরিয়া সরকার তিন দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ কোটি ১২ লাখ টাকার সমান। প্রকল্পটি রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ রেলওয়ে..
১ ঘণ্টা আগে
বিগত দশ বছরের দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে ৩৮ লাখ ৮৪ হাজার ২২৭টি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অর্থনৈতিক শুমারি ২০২৪ সালের ন্যাশনাল রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
ইরান সংঘাত দীর্ঘায়িত হতে পারে এই আশঙ্কায় দেশের জ্বালানি খাত ও জ্বালানি সংগ্রহ ব্যবস্থায় বড় ধরনের পুনর্গঠনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে তার আগে স্বল্পমেয়াদে ভোক্তা ও ব্যবসার ওপর এই সংকটের প্রভাব কমানোকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।
৫ ঘণ্টা আগে
খুব বেশিদিন আগের কথা নয়, ভারতের কেন্দ্রীয় ব্যাংক ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া’ (আরবিআই) দেশটির উচ্চ প্রবৃদ্ধি ও নিম্ন মুদ্রাস্ফীতির পরিবেশকে একটি ‘গোল্ডিলকস’ মুহূর্ত (সবকিছু অনুকূলে থাকা অবস্থা) হিসেবে অভিহিত করেছিল। কিন্তু সেই মুহূর্ত ক্ষণস্থায়ী বলেই প্রমাণিত হলো।
৬ ঘণ্টা আগে