Ajker Patrika

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক

বিশেষ প্রতিনিধি, ঢাকা
বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক
মোহাম্মদ রাশেদুল হক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ রাশেদুল হক। তিনি প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক, গতিশীল ও সেবাগ্রহীতা বান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের পাশাপাশি নিরাপদ, বৈধ ও স্বল্প ব্যয়ে বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

আজ রোববার বোয়েসেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গ্রেড-২ মর্যাদায় চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ পান মোহাম্মদ রাশেদুল হক। পরে ৩০ জুলাই তিনি বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে মোহাম্মদ রাশেদুল হক বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ করে বোয়েসেলের কার্যক্রমকে আরও দক্ষ, আধুনিক ও জনবান্ধব করা হবে। একই সঙ্গে নিরাপদ, বৈধ, স্বচ্ছ ও ব্যয়-সাশ্রয়ী অভিবাসন নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারের অগ্রাধিকার অনুযায়ী বিদেশে অধিকসংখ্যক দক্ষ কর্মী প্রেরণ, নতুন শ্রমবাজার সৃষ্টি, আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারণ এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে বোয়েসেলের ভূমিকা আরও জোরদার করা হবে। সরকারি ব্যবস্থাপনায় দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর করে তোলাই হবে তাঁর অন্যতম লক্ষ্য।

এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, আন্তর্জাতিক অংশীদার এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।

বোয়েসেলের কর্মকর্তা-কর্মচারীরাও নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাদারীপুরের সন্তান মোহাম্মদ রাশেদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি প্রায় ১৭ বছর অস্ট্রেলিয়ায় বিভিন্ন পেশাগত দায়িত্ব পালন করেন, যেখানে আন্তর্জাতিক যোগাযোগ, বহু সাংস্কৃতিক কর্মপরিবেশ এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন।

উল্লেখ্য, বোয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন একমাত্র রাষ্ট্রায়ত্ত আন্তর্জাতিক জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে নিরাপদ, বৈধ ও স্বল্প ব্যয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তি প্রেরণের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের বৈদেশিক কর্মসংস্থান খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত