বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন প্রকাশ: জোর করে বাড়ানো হয়েছে অর্থনীতির আকার
• সাত খাতে অতিমূল্যায়নের প্রমাণ মিলেছে
• জিডিপির প্রবৃদ্ধি সর্বোচ্চ ১.৩ শতাংশীয় পয়েন্ট বেশি দেখানো হয়েছে
• দ্বিতীয় উৎসের ৪০ শতাংশ হিসাবে অসংগতি
• বাড়তি প্রবৃদ্ধির ৪১ শতাংশ এসেছে উৎপাদনশিল্প থেকে

একটি ভৌগোলিক সীমানার মধ্যে পরিচালিত অর্থনীতি এক বছরে কতটা বাড়ল বা কমল, তার পরিমাপ পাওয়া যায় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিমাণ বা প্রবৃদ্ধির হার থেকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের অর্থনীতির এই মৌলিক চিত্রেই অতিরঞ্জিত তথ্য প্রকাশের সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে বর্তমান সরকারের উদ্যোগে করা ফরেনসিক অডিটে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. অতনু রব্বানীর নেতৃত্বাধীন বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময়ে দেশের অর্থনীতি যতটা বড় হয়েছে বলে সরকারি পরিসংখ্যানে দেখানো হয়েছিল, বাস্তবে চিত্র ততটা উজ্জ্বল ছিল না। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব তৈরিতে উৎপাদন, রাজস্ব আদায় ও বিভিন্ন সরকারি সংস্থার তথ্যের অসংগতি চরম পর্যায়ে পৌঁছেছিল। এতে কোনো কোনো অর্থবছরে প্রবৃদ্ধি ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানো হয়েছে। ২০১৪-১৫ অর্থবছর থেকে শুরু হওয়া এই প্রবণতা শুধু একটি-দুটি খাতে সীমাবদ্ধ ছিল না। সাতটি খাতের তথ্য পর্যালোচনা করে এমন অতিমূল্যায়নের চিত্র পেয়েছে বিশেষজ্ঞ কমিটি।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কার্যালয়ে এক সেমিনারে ফরেনসিক অডিটের প্রাথমিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে সাতটি খাতে তথ্যের অতিমূল্যায়ন চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনটি উপস্থাপন করেন বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, রাজনৈতিক স্বার্থে এবং উন্নয়নের ইতিবাচক চিত্র তুলে ধরতে জিডিপির প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছিল। তাঁর ভাষায়, ‘পরিসংখ্যান কোনো সরকারের রাজনৈতিক হাতিয়ার নয়। এটি জনগণের সম্পদ।’
আওয়ামী লীগ সরকারের শেষ কয়েক বছরে জিডিপির প্রবৃদ্ধি ৮ শতাংশের ঘরে পৌঁছানোর সরকারি দাবি নিয়ে তখনই অর্থনীতিবিদদের একাংশ সংশয় প্রকাশ করেছিলেন। তাঁদের আপত্তির মূল জায়গা ছিল প্রবৃদ্ধি নিরূপণে ব্যবহৃত তথ্যের নির্ভরযোগ্যতা। সেই বিতর্কের অবসান এবং অতীতের হিসাবের যথার্থতা যাচাই করতে ক্ষমতার পরিবর্তনের পর জিডিপি পরিসংখ্যানের ফরেনসিক নিরীক্ষার উদ্যোগ নেয় বর্তমান সরকার। তবে জাতীয় প্রবৃদ্ধির হিসাব নিয়ে সংশয় কেবল একটি সরকারের সময়েই তৈরি হয়নি; বিভিন্ন সময়ে এ নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ও পরিসংখ্যান বিশেষজ্ঞরা।
নিরীক্ষায় দেখা গেছে, প্রবৃদ্ধির হিসাবের বড় দুর্বলতা ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া দ্বিতীয় পর্যায়ের তথ্য ব্যবহারে। জিডিপির প্রায় ৬০ শতাংশ তথ্য বিবিএসের নিজস্ব জরিপ থেকে সংগ্রহ করা হয়েছিল। বাকি প্রায় ৪০ শতাংশের জন্য নির্ভর করতে হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিনিয়োগ বোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যের ওপর। এসব দ্বিতীয় উৎসের তথ্য যাচাইয়ের যথেষ্ট ব্যবস্থা না থাকায় হিসাবের মধ্যে অসংগতি তৈরি হয়েছে। বিশেষ করে শিল্প ও সেবা খাতে এর প্রভাব বেশি পড়েছে।
বিশেষজ্ঞ কমিটির উৎপাদনশিল্পের তথ্য বিশ্লেষণেও বিষয়টি স্পষ্ট হয়েছে। ২০১০-১১ থেকে ২০১৩-১৪ অর্থবছরে দেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ২৭ শতাংশ। পরের পাঁচ বছরে, ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ৩৯ শতাংশে। অর্থাৎ প্রবৃদ্ধি বাড়ে ১ দশমিক ১৩ শতাংশীয় পয়েন্ট। এই বাড়তি প্রবৃদ্ধির প্রায় ৪১ শতাংশ এসেছে উৎপাদনশিল্প থেকে। অথচ এই খাতের কয়েকটি উপখাতের উৎপাদন বৃদ্ধির হিসাবেই বড় অসংগতি পেয়েছে বিশেষজ্ঞ কমিটি।
সিমেন্টশিল্প তার একটি উদাহরণ। আমদানি করা ক্লিংকার দিয়ে সিমেন্ট তৈরির ক্ষেত্রে প্রকৃত মূল্য সংযোজনের হিসাব যথাযথভাবে করা হয়নি। একই সঙ্গে মজুত পণ্যের পরিবর্তনও উৎপাদনের হিসাবে সমন্বয় করা হয়নি। এর ফলে টানা তিন বছর সিমেন্টশিল্পের প্রবৃদ্ধি দেখানো হয়েছিল যথাক্রমে ৬১ দশমিক ৬, ৫১ দশমিক ৭ ও ৪৫ দশমিক ৯ শতাংশ।
জাহাজ নির্মাণশিল্পেও অস্বাভাবিক চিত্র পাওয়া গেছে। ২০১৪-১৫ অর্থবছরে এ খাতের প্রবৃদ্ধি দেখানো হয়েছিল ২৪২ দশমিক ৪ শতাংশ। পরের বছরও তা ছিল ৯৭ দশমিক ৬ শতাংশ। বিশেষজ্ঞদের ধারণা, কোনো একটি বড় জাহাজ নির্মাণের আদেশ কিংবা একটি প্রতিষ্ঠানের উৎপাদনকে পুরো উপখাতের উৎপাদন হিসেবে গণনা করার কারণে এমন হিসাব তৈরি হয়ে থাকতে পারে।
শুধু উৎপাদনের পরিমাণ নয়, পণ্যের দাম বাড়ার প্রভাবও কোথাও কোথাও উৎপাদন বৃদ্ধির সঙ্গে মিশে গেছে। সিমেন্ট ও ওষুধের মতো শিল্পে পণ্যের মূল্য বাড়ায় উৎপাদনের আর্থিক মূল্যও বেড়েছিল। কিন্তু সেই মূল্যবৃদ্ধিকে প্রকৃত উৎপাদন বৃদ্ধির সঙ্গে গুলিয়ে ফেলায় জিডিপির হিসাবেও অতিরিক্ত প্রবৃদ্ধি যুক্ত হয়েছে। অন্যদিকে, রপ্তানি উন্নয়ন ব্যুরো, কাস্টমস ও বাংলাদেশ ব্যাংকের রপ্তানি তথ্যে পার্থক্য এবং এনবিআরের রাজস্বের তথ্যেও অসংগতি পাওয়া গেছে।
বিআইডিএসের পর্যালোচনায় আরও উঠে এসেছে, শিল্প উৎপাদন সূচক তৈরিতে নমুনার সীমাবদ্ধতা, ক্ষুদ্র ও কুটিরশিল্পের উৎপাদন সরাসরি যাচাই না করে অনুমানের ওপর নির্ভরতা, নির্মাণ খাতের তথ্যের ভুল সমন্বয় এবং আগের বছরের প্রবণতা ধরে পরবর্তী বছরের হিসাব তৈরির মতো দুর্বলতা ছিল। এমনকি বড় শিল্পের উৎপাদন নিরূপণেও কোনো কোনো ক্ষেত্রে মাত্র দুটি প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার করা হয়েছে।
এই পরিস্থিতি থেকে বের হতে পরিসংখ্যান ব্যবস্থার ১০টি সংস্কার প্রস্তাব করেছে বিআইডিএস। এর মধ্যে রয়েছে শিল্প জরিপ নিয়মিত হালনাগাদ, ২০০৫ সালের পুরোনো ভিত্তিবছর পরিবর্তন, বিভিন্ন সংস্থার তথ্যের মধ্যে সমন্বয় এবং দ্বিতীয় পর্যায়ের তথ্য ব্যবহারের আগে কারিগরি যাচাই নিশ্চিত করা। পাশাপাশি উৎপাদন বাড়ার সঙ্গে বিদ্যুৎ, গ্যাস ও পরিবহনের মতো সংশ্লিষ্ট খাতের তথ্যের সামঞ্জস্য পরীক্ষা এবং জিডিপির হিসাব যাচাইয়ে আয়ভিত্তিক পদ্ধতি ব্যবহারের বিষয়টিও বিবেচনায় নেওয়ার সুপারিশ করা হয়েছে। সরকারি পরিসংখ্যানের ওপর আস্থা ফিরিয়ে আনতে বিবিএসের পেশাগত স্বাধীনতা, তথ্য সংগ্রহের আধুনিক পদ্ধতি এবং হিসাব তৈরির প্রক্রিয়া উন্মুক্ত রাখার ওপরও গুরুত্ব দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. মাহবুব উল্লাহ এবং বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি ড. সৈয়দ শাহাদৎ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক ও পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব ড. দিপঙ্কর রায়।









