
প্রতারণার মাধ্যমে গ্রাহকের আত্মসাতের অভিযোগে করা মামলায় উড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ের প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের তিনজন কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যাঁদের কারাগারে পাঠানো হয়েছে, তাঁরা হলেন ফ্লাইট এক্সপার্টের হেড অব ফিন্যান্স সাকিব হোসেন, চিফ কমার্শিয়াল অফিসার সাঈদ আহমেদ ও চিফ অপারেটিং অফিসার এ কে এম সাদাত হোসেন।
বিকেলে তিনজনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যেককে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে তিনজনের পক্ষে জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবীরা। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুজ্জামান দিপু বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল শনিবার তাঁদের আটক করে পুলিশ। পরে রাতে বিপুল সরকার নামের এক গ্রাহক মতিঝিল থানায় মামলাটি করেন। এতে পাঁচজনকে আসামি করা হয়। বাকি দুই আসামি হলেন ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইম ও তাঁর বাবা এম এ রশিদ শাহ সম্রাট।
মামলায় অভিযোগ করা হয়, ফ্লাইট এক্সপার্ট দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের টিকিট বুকিং, হোটেল রিজারভেশন (কক্ষ সংরক্ষণ), ট্যুর প্যাকেজ ও ভিসা প্রক্রিয়াকরণের মতো বিভিন্ন সেবা দিত। বাদী বিপুল সরকার ফ্লাইট এক্সপার্টকে ৪ কোটি ৭৯ হাজার টাকা উড়োজাহাজ ভাড়া ও বিদেশে হোটেল বুকিংয়ের জন্য অগ্রিম পরিশোধ করেছিলেন। কিন্তু শনিবার সন্ধ্যায় হঠাৎই বন্ধ হয়ে যায় ফ্লাইট এক্সপার্ট। তাঁর টাকা ফেরত না দিয়ে এবং হোটেল বুকিং ও উড়োজাহাজের টিকিট না দিয়ে ফ্লাইট এক্সপার্টের মালিক ও কর্মকর্তারা গা ঢাকা দিয়েছেন। তিনি প্রতারণার শিকার হয়েছেন।
মামলায় আরও বলা হয়েছে, ফ্লাইট এক্সপার্টের কার্যক্রম বন্ধ হওয়ায় এবং অফিস বন্ধ করে মালিকপক্ষ গা ঢাকা দেওয়ায় টিকিট বিক্রেতা এজেন্সি ও হাজারো গ্রাহক ভোগান্তিতে পড়েছেন। অনেকেই অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য অর্থ পরিশোধ করেছিলেন।
ফ্লাইট এক্সপার্টের একাধিক কর্মকর্তাও অভিযোগ করেছেন, প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে মালিকপক্ষ দেশ ছেড়েছে। এতে গ্রাহক ও সরবরাহকারীদের কোটি কোটি টাকা ফেরত পাওয়া অনিশ্চয়তার মুখে পড়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে ফ্লাইট এক্সপার্টের কার্যক্রম শুরু হয়। কম খরচে সহজে টিকিট বুকিংয়ের সুবিধার কারণে প্ল্যাটফর্মটি জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে তা আত্মসাৎ করে দেশ ছেড়েছে মালিকপক্ষ।

দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’-এর অফিশিয়াল এয়ারলাইন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। এটি ভ্রমণ ও পর্যটন খাতের আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২১তম আসর।
৩৭ মিনিট আগে
তেজাবি সোনা ও রুপার দাম কমায় দেশের বাজারে সোনা ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি এখন ২ লাখ ৬২ হাজার টাকা।
৫ ঘণ্টা আগে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আজ শুক্রবার এ বৈঠকে জাপানের পক্ষ থেকে উপস্থাপিত প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়...
১৮ ঘণ্টা আগে
ইরান-আমেরিকা যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন রেকর্ড গড়েছে। আজ শুক্রবার লেনদেন চলাকালীন ডলারের বিপরীতে রুপির মান ৯২ দশমিক ৪৭-এ নেমে যায়, যা আগের দিন বৃহস্পতিবারের সর্বনিম্ন রেকর্ড ৯২ দশমিক ৩৫-কেও ছাড়িয়ে গেছে।
১ দিন আগে