Ajker Patrika

১৪ মাস পর নিলামে ডলার বিক্রি বাংলাদেশ ব্যাংকের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ২৭
১৪ মাস পর নিলামে ডলার বিক্রি বাংলাদেশ ব্যাংকের
ছবি: সংগৃহীত

বাজারে ডলারের চাহিদা বাড়ায় ১৪ মাসের বেশি সময় পর আবারও ডলার বিক্রি শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। নিলামের মাধ্যমে ছয়টি ব্যাংকের কাছে মোট ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ধরে রাখার পাশাপাশি বাড়তি চাহিদা মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গতকাল সোমবার এ নিলাম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

যদিও বাংলাদেশ ব্যাংক বলছে, বাজারে ডলারের কোনো সংকট আছে কি না এবং ডলারের দর যাচাই করতেই নিলামের মাধ্যমে ডলার বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ২ কোটি ডলার বিক্রির প্রস্তুতি থাকলেও মাত্র ৬টি ব্যাংক নিলামে অংশগ্রহণ করে ১ কোটি ১৫ লাখ ডলার কিনেছে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ডলার বিক্রিতে বিনিময় হার ছিল ১২২ টাকা ৮০ পয়সা থেকে ১২৩ টাকা ৩৫ পয়সা। গড় দর ছিল ১২৩ টাকা ২২ পয়সা। এর কাট অফ রেট ছিল ১২২ টাকা ৮০ পয়সা।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, বাজারে ডলারের কোনো সংকট আছে কি না, প্রকৃত বিনিময় হার কত হতে পারে, তা পর্যালোচনা করে থাকে বাংলাদেশ ব্যাংক। সে লক্ষ্যেই মোট ২ কোটি ডলার বিক্রির জন্য নিলাম ডাকা হয়েছিল। সব ব্যাংককে আহ্বান জানানো হলেও মাত্র ছয়টি ব্যাংক ১ কোটি ১৫ লাখ ডলার কেনার প্রস্তাব করে। তাদের সব প্রস্তাব গ্রহণ করা হয়। তারা চাইলে আরও ৮৫ লাখ ডলার নিতে পারত। এতে বোঝা যায়, ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত ডলার আছে। বাজারে কোনো সংকট নেই।

সবশেষ নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ১ সেপ্টেম্বর ৫ কোটি ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। তখন কাট অফ রেট ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ আন্তব্যাংক বাজারে ডলারের গড় বিনিময় হার দাঁড়িয়েছে প্রতি ডলারে ১২৩ টাকা ৩৫ পয়সা। আগের দিন এই হার ছিল ১২৩ টাকা ২০ পয়সা।

এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে দেশে আমদানি ব্যয় বেড়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দাম বেড়েছে জ্বালানি তেলেরও। ফলে দেশের বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের চাহিদাও কিছুটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাইয়ে দেশের আমদানি ব্যয় গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ বেড়ে ৬ দশমিক ৪৪ বিলিয়ন ডলার হয়েছে। এর বড় কারণ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। জুলাই মাসে পেট্রোলিয়ামজাত পণ্য আমদানি ব্যয় ৮৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

অন্যদিকে জুলাইয়ে রেমিট্যান্স কিছুটা বাড়লেও দেশের রপ্তানি আয় কমেছে। এ সময়ে রপ্তানি আয় ১ দশমিক ৬ শতাংশ কমে ৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক ডলার বিক্রির সিদ্ধান্তে বৈদেশিক মুদ্রাবাজারে তাদের নীতিতে কিছুটা পরিবর্তন এসেছে। এর আগে, গত ১৪ মাসে বাজার থেকে প্রায় ৬০০ কোটি ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত