বাজারে কারসাজি করে অযৌক্তিভাবে কিছু পণ্যের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেছেন, বাজারে কারসাজি নিয়ে মানুষের অনেক অভিযোগ আছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখার বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
গতকাল শনিবার বিকেলে পুরান ঢাকার মৌলভীবাজারে ব্যবসায়ীদের সঙ্গে ওই মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সভায় অধিদপ্তরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল মৌলভীবাজারে মসলার পাইকারি বাজার তদারকির পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি বলেন, তদারকিতে দেখা যায়, জিরা, এলাচি ও গোলমরিচের দাম গত মাস থেকে প্রতি সপ্তাহে বেড়েছে। এলাচির দাম গত মাসের শুরুর তুলনায় কেজিতে ৬০০-১০০০ টাকা, গোলমরিচের দাম ৫০০ টাকা পর্যন্ত বেড়েছে।
অনুষ্ঠানে এ এইচ এম সফিকুজ্জামান বলেন, নিত্যপণ্যের আমদানি, মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ীদের কী কী সমস্যা, তা শোনার জন্য সভার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, প্রতিটি পণ্য কে কী দামে আমদানি করেছেন, সে তথ্য সরকারের কাছে আছে। কেউ অযৌক্তিকভাবে দাম বাড়ালে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান মাহমুদুল হাসান বলেন, গত এক মাসে গরমমসলার দাম বেড়েছে ৭ শতাংশ।
মৌলভীবাজারের চিনি ব্যবসায়ী মফিজুর রহমান বলেন, সাত-আট মাস ধরে দেশের সীমান্ত দিয়ে ভারতের চিনি আসায় তাঁদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। সরকার এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে।
বাংলাদেশ পাইকারি গরমমসলা ব্যবসায়ী সমিতির সভাপতি হাফেজ এনায়েত উল্লাহ বলেন, ১ কেজি এলাচি আমদানিতে ৫০০ টাকার ওপরে সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে। প্রতিটি পণ্য আমদানিতে অস্বাভাবিক ট্যাক্স ধার্য থাকায় দাম বাড়ছে। অপরদিকে কিছু পণ্যের দাম কয়েক মাসে অনেক কমেছে।
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, ‘আমরা কালাকানুনের কারণে সংকটে রয়েছি। আমাদের সংকটের কথা বলা হয়েছে, তা কোনো কাজেই আসছে না।’
ব্যবসায়ীরা বলেন, কিছু পণ্যের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের অযৌক্তিক শুল্কায়নের কারণে বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে।
সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ অনুবিভাগ) রেজওয়ানুর রহমান, যুগ্ম সচিব দাউদুল ইসলাম, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ বশির উদ্দিন আহমেদ, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতা ফারুক আহমেদ প্রমুখ।

দেশের আর্থিক খাত এখন ‘পেইনফুল’ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বিগত সময়ে ব্যাংক ও শেয়ারবাজারে কী হয়েছে, সেটা সবাই জানেন। আমরা সেগুলো থেকে উত্তরণের জন্য কাজ করছি।’
৮ ঘণ্টা আগে
রাজধানীতে আয়োজিত হয়েছে হেলথ অ্যান্ড ওয়েল বিয়িং মার্কেটিং ফেস্ট ৩.০। গত শনিবার (৯ মে) ঢাকার রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের গ্র্যান্ড বলরুমে এক প্রাণবন্ত ও কৌশলগত আলোচনা, উদ্ভাবন এবং সহযোগিতার মধ্য দিয়ে সম্পন্ন হলো এ আয়োজন।
৮ ঘণ্টা আগে
চুক্তির আওতায় ডাক জীবনবিমার আওতায় যতগুলো পলিসি আছে, আজীবন বিমা, মেয়াদি বিমা, নির্দিষ্ট বিমা ও বিবাহবিমা—সব কটি বিমার কিস্তিই নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে।
২১ ঘণ্টা আগে
বিদেশে যেতে ভিসা পেয়েছেন, কিন্তু শর্ত হিসেবে জমা দিতে হবে মোটা অঙ্কের ‘ভিসা বন্ড’ বা সিকিউরিটি ডিপোজিট। এত দিন এই অর্থ বিদেশে পাঠানো ছিল বাংলাদেশি আবেদনকারীদের জন্য জটিল ও ভোগান্তিপূর্ণ একটি প্রক্রিয়া। অনেককে অনানুষ্ঠানিক উপায়ে টাকা পাঠানোর ঝুঁকিও নিতে হতো। এবার সেই জটিলতা কমাতে নতুন সুবিধা দিল...
১ দিন আগে