
রেজল্যুশনের আওতায় নেওয়া পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতকারীরা কবে, কতটুকু ও কোন শর্তে টাকা ফেরত পাবেন, তা নিয়ে সংসদের প্রশ্নোত্তরে একাধিক সংসদ সদস্যের উদ্বেগ উঠে এসেছে। প্রশ্নোত্তরে অন্তত ছয়জন সংসদ সদস্য ব্যাংক খাতের তারল্যসংকট, আমানতকারীর টাকা ফেরত, কথিত ‘হেয়ার কাট’, সম্মিলিত ইসলামী ব্যাংক চালু হওয়া ও বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারের অগ্রগতি নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে জানতে চান।
আজ বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি বা এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ও ইউনিয়ন ব্যাংক পিএলসিকে ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫-এর আওতায় নেওয়া হয়েছে। এসব ব্যাংকের দায় ও সম্পদ সম্মিলিত ইসলামী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে জানিয়ে তিনি বলেন, স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. নূরুল ইসলাম সম্মিলিত ইসলামী ব্যাংকের সাধারণ আমানতকারীদের ওপর বাংলাদেশ ব্যাংকের কথিত ‘হেয়ার কাট’ বা দুই বছরের মুনাফা কর্তনের নীতি বাতিল করে সম্পূর্ণ মুনাফাসহ আমানত ফেরতের পরিকল্পনা আছে কি না, তা জানতে চান।
জবাবে মন্ত্রী বলেন, শরিয়াহ আইন অনুযায়ী ইসলামি ব্যাংকিংয়ে ব্যাংক মুনাফা করলে আমানতকারীরা মুনাফা পাওয়ার অধিকারী হন। ২০২৪ ও ২০২৫ সালে ব্যাংক মুনাফা না করলেও আমানতকারীদের চার শতাংশ ‘এহসান’ হিসেবে দেওয়া হয়েছে। তবে ‘হেয়ার কাট’ প্রত্যাহার হবে কি না বা গ্রাহকেরা পূর্ণ মুনাফা পাবেন কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত বা সময়সীমা অর্থমন্ত্রীর জবাবে আসেনি।
সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু জানতে চান, গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাওয়ায় দেউলিয়াত্বের কারণে পাঁচ ব্যাংক একীভূত করা হলেও গ্রাহকেরা এখনো টাকা পাচ্ছেন না—বিষয়টি সত্য হলে সরকার কী পদক্ষেপ নেবে।
অর্থমন্ত্রী বলেন, গ্রাহকের স্বার্থ রক্ষায় পাঁচ ব্যাংককে অকার্যকর ঘোষণা করে রেজল্যুশনের আওতায় আনা হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫-এর শর্ত অনুযায়ী পর্যায়ক্রমে পরিশোধ করা হচ্ছে। তিনি বলেন, আমানত সুরক্ষা আইন, ২০২৬-এর আওতায় সুরক্ষিত আমানতের সীমা এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের চলতি হিসাবে আমানত সুরক্ষা তহবিল থেকে ইতিমধ্যে ১২ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। অর্থমন্ত্রীর তথ্য অনুযায়ী, এর ফলে আমানতকারীরা বর্তমানে তাঁদের সুরক্ষিত আমানত তুলতে পারছেন।
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার জানতে চান, তারল্যসংকটের কারণে যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকের সঞ্চিত অর্থ ফেরত দিতে পারছে না, সেসব প্রতিষ্ঠান থেকে গ্রাহকের অর্থ ফেরত নিশ্চিত করতে সরকার কী পদক্ষেপ নিয়েছে।
জবাবে অর্থমন্ত্রী বলেন, গ্রাহকের অর্থ দেওয়ার লক্ষ্যে বিভিন্ন সময়ে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক জরুরি তারল্য সহায়তা দিয়েছে। ২০২৬ সালের ১৫ জুন পর্যন্ত জরুরি তারল্য সহায়তা হিসেবে ব্যাংকগুলোকে ৭৫ হাজার ৯০৩ কোটি ১১ লাখ টাকা দেওয়া হয়েছে। তবে আর্থিক সংকটে থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কোনো ধরনের তারল্য সহায়তা দেওয়া হয়নি বলে তিনি জানান।
কুড়িগ্রাম-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম জানতে চান, ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতির কারণে দেউলিয়ার পথে থাকা ব্যাংকগুলো সচল করতে লুট হওয়া অর্থ পুনরুদ্ধারের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কি না। অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতির কারণে সৃষ্ট খেলাপি ঋণের টাকা অবৈধভাবে বিদেশে পাচার হওয়ায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩০টি ব্যাংক ঋণের অর্থ উদ্ধারের উদ্যোগ নিয়েছে। তিনি জানান, পাচার হওয়া অর্থ উদ্ধারে ব্যাংকগুলো ৯টি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সঙ্গে নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট সই করে ‘নো উইন নো ফি’ শর্তে নিয়োগপ্রক্রিয়া শুরু করেছে।
প্রথম পর্যায়ে ছয়টি কেস নিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। সেগুলো হলো সাইফুজ্জামান চৌধুরী, এস আলম, বেক্সিমকো, সিকদার, নাসা ও ওরিয়ন গ্রুপ। পরে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা আছে বলে জানান অর্থমন্ত্রী।
জামালপুর-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল সম্মিলিত ইসলামী ব্যাংক পূর্ণাঙ্গভাবে কার্যকর ও সচল করতে মন্ত্রণালয়ের পরিকল্পনা জানতে চান। অর্থমন্ত্রী বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মনোনীত করা হয়েছে এবং তিনি দায়িত্ব নিয়েছেন। পর্ষদে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য মনোনয়ন চূড়ান্ত হয়েছে এবং নিয়োগপ্রক্রিয়া চলছে। ব্যাংকটি পূর্ণাঙ্গভাবে চালু করতে সাংগঠনিক কাঠামো, চাকরি প্রবিধানমালা, আইটি, সিবিএস, জনবল ও শাখা একীভূতকরণ এবং কোম্পানি সেক্রেটারি, চিফ ফাইন্যান্স অফিসার ও চিফ টেকনোলজি অফিসার নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের আওতায় খেলাপি ঋণ, তারল্যসংকট ও অনিয়মে বিপর্যস্ত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়। পরে অধ্যাদেশটি আইনে রূপ দিতে গত এপ্রিলে সংসদে ব্যাংক রেজল্যুশন বিল পাস হয়। ওই বিল পাসের সময় নতুন ১৮ক ধারা নিয়ে বিতর্ক হয়। ওই ধারায় রেজল্যুশনের আগে থাকা শেয়ারধারী বা বাংলাদেশ ব্যাংকের কাছে উপযুক্ত বিবেচিত অন্য পক্ষকে শর্তসাপেক্ষে ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায় পুনঃধারণ বা ধারণের সুযোগ রাখা হয়েছে।
গোপালগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা জানতে চান, অর্থসংকটের কারণে যেসব ব্যাংক তারল্যসংকটে রয়েছে এবং গ্রাহকের আমানত ফেরত দিতে হিমশিম খাচ্ছে, সেগুলোর সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংক কোনো পদক্ষেপ নেবে কি না। জবাবে অর্থমন্ত্রী বলেন, রেজল্যুশনের আওতায় থাকা পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। আমানত সুরক্ষা আইন, ২০২৬ অনুযায়ী ওই পাঁচ ব্যাংকের গ্রাহকদের সর্বোচ্চ দুই লাখ টাকা করে পরিশোধ করা হচ্ছে। বর্তমানে আরও যেসব ব্যাংক তারল্যসংকটে রয়েছে, সেগুলোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ কাজ করছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দেশের শীর্ষ চার মোবাইল অপারেটর গ্রামীণফোন, টেলিটক, রবি ও বাংলালিংকের কাছে সরকারের প্রায় ১৩ হাজার ১৪৪ কোটি টাকা পাওনা রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম...
২ ঘণ্টা আগে
মুদিদোকান, বিউটি পারলারসহ বেশ কয়েক ধরনের ব্যবসায়িক খাতকে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
৪ ঘণ্টা আগে
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। ভরিপ্রতি ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
৯ ঘণ্টা আগে
দেশে বিদেশি ঋণ যত আসছে, তবে তার বড় অংশই চলে যাচ্ছে পুরোনো ঋণের সুদ ও আসল পরিশোধে। ফলে বৈদেশিক অর্থায়ন থেকে নতুন করে অর্থনীতিতে যে সহায়তা পাওয়ার কথা, তা ক্রমেই কমে আসছে। এরই মধ্যে বিদেশি ঋণের অর্থছাড় ও নতুন প্রতিশ্রুতি কমে যাওয়ার বিপরীতে ঋণ পরিশোধের চাপ দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
১৯ ঘণ্টা আগে