
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব মহামন্দার কবলে পড়বে বলে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলেছে, তেল, গ্যাস ও খাদ্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, তা অব্যাহত থাকলে ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ২ শতাংশের নিচে নেমে যেতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে আইএমএফ এই সতর্কতা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতির এভাবে অবনতি ঘটতে থাকলে ১৯৮০ সালের পর চতুর্থ মহামন্দার কবলে পড়তে পারে বিশ্ব। এবারের আগে তৃতীয় ও সর্বশেষ মহামন্দা দেখা দিয়েছিল কোভিড-১৯ মহামারির সময়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরই মধ্যে ছয় সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেছে যুদ্ধের। বন্ধ রয়েছে হরমুজ প্রণালি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনাও ভেস্তে গেছে। যুদ্ধ শুরুর পর থেকেই বাড়ছে জ্বালানির দাম। আইএমএফ বলেছে, আবারও বৈশ্বিক অর্থনীতি লাইনচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়েছে এবং এবার এই ঝুঁকি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া যুদ্ধের কারণে।
আইএমএফ বলেছে, যুদ্ধের কারণে এ বছর তেলের দাম এরই মধ্যে একবার ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়েছে। এভাবে চলতে থাকলে ২০২৭ সালে তেলের দাম ১২৫ ডলার ছাড়াবে। এসব পূর্বাভাসের ভিত্তিতে সংস্থাটি বলেছে, বৈশ্বিক মূল্যস্ফীতি আগামী বছর ৬ শতাংশ পর্যন্ত হতে পারে। এর ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির রাশ টানতে দেশে দেশে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার বাড়াতে বাধ্য হবে।
আইএমএফের মুখ্য অর্থনীতিবিদ পিয়েরে-অলিভিয়ার গৌরিনশাস বিবিসিকে বলেন, বৈশ্বিক প্রবৃদ্ধির গতি যদি ২ শতাংশের নিচে নেমে যায়, তাহলে সারা বিশ্বের মানুষের জীবনে তার প্রভাব পড়বে, মন্দার উপস্থিতি তারা টের পাবে। বেকারত্ব ব্যাপক হারে বাড়বে। কিছু দেশের জন্য খাদ্যপণ্যের দাম এতটা বাড়তে পারে যে খাদ্য নিরাপত্তাহীনতা অনেক বেশি বেড়ে যেতে পারে।
ইরান যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের দাম এক দফায় ব্যারেলপ্রতি ১২০ ডলার পর্যন্ত উঠেছিল। তারপর তা কমেছে। আজ মঙ্গলবার ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম ছিল ৯৮ দশমিক ৮৫ ডলার।
অবশ্য আইএমএফ বলেছে, যুদ্ধ যদি আগামী কয়েক সপ্তাহের মধ্যে থামানো যায় এবং এ বছরের মাঝামাঝি নাগাদ মধ্যপ্রাচ্য থেকে তেল-গ্যাসের উৎপাদন ও রপ্তানি স্বাভাবিক করা যায়, তাহলে হয়তো মহামন্দার ঝুঁকি এড়ানো যেতে পারে। সে ক্ষেত্রে ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৩ দশমিক ১ শতাংশ।
এর আগে আইএমএফ বলেছিল, এ বছর বৈশ্বিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৩ শতাংশ হতে পারে। ইরান যুদ্ধের কারণে সেই পূর্বাভাস থেকে সরে আসতে বাধ্য হয়েছে সংস্থাটি। অবশ্য ২০২৭ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির হারের পূর্বাভাস এখনো আগের মতো রেখেছে আইএমএফ। সংস্থাটির মতে, আগামী বছর ৩ দশমিক ২ শতাংশ বৈশ্বিক প্রবৃদ্ধি হতে পারে।
আইএমএফ বলেছে, এ বছর উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানিকারক দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হতে পারে। এমনকি কারও কারও ক্ষেত্রে অর্থনীতি সংকুচিত হতে পারে। ইরানের অর্থনীতি এ বছর ৬ দশমিক ১ শতাংশ সংকুচিত হতে পারে। তবে যদি আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধ হয়, তাহলে ইরানে আগামী বছর ৩ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি ঘটতে পারে।
উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে কাতার হলো সবচেয়ে বড় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক দেশ। তবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটির উৎপাদন অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতারের রাস লাফান হলো বিশ্বের সবচেয়ে বড় এলএনজি পরিশোধন কারখানা। এটিও হামলার শিকার হয়েছে। বেশ লম্বা সময় এই কারখানা পুরোদমে উৎপাদনে যেতে পারবে না। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, কাতারের অর্থনীতি এ বছর ৮ দশমিক ৬ শতাংশ সংকুচিত হতে পারে। আগামী বছর অবশ্য দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮ দশমিক ৬ শতাংশ হতে পারে।
ইরাকের অর্থনৈতিক প্রবৃদ্ধিও এ বছর ৬ দশমিক ৮ শতাংশ হারে ধীর হতে পারে। যদিও ২০২৭ সালে দেশটির প্রবৃদ্ধি হতে পারে ১১ দশমিক ৩ শতাংশ।
আইএমএফ বলেছে, সৌদি আরবের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিও এ বছর ধীর হবে। তারপরও দেশটির প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৩ দশমিক ১ শতাংশ। আগামী বছর প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৫ শতাংশ।
আইএমএফের প্রতিবেদনে বলা হয়েছে, তেলের দাম বৃদ্ধিতে সবচেয়ে লাভবান হয়েছে রাশিয়া। দেশটির এ বছর ১ দশমিক ১ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে।

কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী প্রধানমন্ত্রীকে জানান, সরকারের ঘোষণা অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় মোট মওকুফ করা ঋণের প্রায় ৫২ শতাংশই কৃষি ব্যাংকের। এ ছাড়া দেশের মোট কৃষিঋণের ৪০ শতাংশই এককভাবে কৃষি ব্যাংক অর্থায়ন করছে।
৩ ঘণ্টা আগে
‘এসো হে বৈশাখ, এসো, এসো’—এই আহ্বানে নতুন বছরকে বরণ করে নিতে ঢাকার নিকুঞ্জ-২ এলাকার শরীরচর্চা ও সামাজিক সংগঠন ‘প্রভাতী মেলা’র সদস্যরা আয়োজন করেন পয়লা বৈশাখের বিশেষ পান্তা-ইলিশ অনুষ্ঠান।
৭ ঘণ্টা আগে
অভ্যন্তরীণ চাপ, বৈশ্বিক অনিশ্চয়তা এবং জ্বালানি বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য অত্যন্ত সতর্ক, সংকোচনমূলক ও বাস্তবসম্মত বাজেট প্রণয়নের আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা।
১ দিন আগে
দেশের মানি মার্কেটে সুদের হার নির্ধারণে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনছে বাংলাদেশ ব্যাংক। এত দিন ব্যাংকগুলোর প্রস্তাবিত হারের ওপর নির্ভর করে যে রেফারেন্স রেট নির্ধারিত হতো, তা থেকে সরে এসে এবার সরাসরি বাস্তব লেনদেনের ভিত্তিতে নতুন মানদণ্ড চালু করা হচ্ছে।
১ দিন আগে