
বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইএসডিবি)। দেশের সড়ক, রেল ও নৌপরিবহন খাতে ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে ইসলামী উন্নয়ন ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মোহাম্মদ আল জাসেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, চলমান প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নয়ন সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।
বৈঠকে শেখ রবিউল আলম বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে উন্নত, নিরাপদ ও টেকসই যোগাযোগ অবকাঠামো গড়ে তোলাকে সরকার গুরুত্ব দিচ্ছে। সড়ক, রেল ও নৌপথের সমন্বিত উন্নয়নের মাধ্যমে অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণে কাজ চলছে।
মন্ত্রী বলেন, জনগণের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, যানজট নিরসন, পরিবহন ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নতুন প্রকল্পের পাশাপাশি বিদ্যমান অবকাঠামোর আধুনিক ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তির ব্যবহার জরুরি। এ ক্ষেত্রে ইসলামী উন্নয়ন ব্যাংকের অর্থায়ন, অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশের সঙ্গে ইসলামী উন্নয়ন ব্যাংকের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ভবিষ্যতে অগ্রাধিকারভিত্তিক অবকাঠামো প্রকল্পে এ সহযোগিতা আরও বাড়বে বলে আশাবাদী।
ইসলামী উন্নয়ন ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মোহাম্মদ আল জাসের বাংলাদেশের উন্নয়ন ও অবকাঠামো খাতের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উজ্জ্বল। কৌশলগত ভৌগোলিক অবস্থান ও ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতাকে কাজে লাগাতে উন্নত যোগাযোগ অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আল জাসের আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ইসলামী উন্নয়ন ব্যাংক একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকতে চায়। সড়ক, রেল ও নৌপরিবহন খাতের সমন্বিত ও টেকসই উন্নয়নে সহযোগিতার যথেষ্ট সুযোগ রয়েছে।
বাংলাদেশের অগ্রাধিকার ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ প্রকল্পগুলোতে সহযোগিতার সুযোগ নিয়ে ইতিবাচকভাবে কাজ করতে ইসলামী উন্নয়ন ব্যাংক আগ্রহী বলেও জানান তিনি।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বীরউত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ৫০ তম শাহাদতবার্ষিকী আজ। শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ বীরউত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়া স্মৃতি রক্ষা কমিটির পক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন তাঁর ভাই ও মাইলস্টোন কলেজের সাবেক অধ্যক্ষ।
৯ মিনিট আগে
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও প্রক্রিয়াকরণ ব্যয় হিসাব করেই ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার মহাখালীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
১৩ মিনিট আগে
আইএফসি হলো বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক শাখা। ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে এই আনসিকিউরড ওয়ার্কিং ক্যাপিটাল সলিউশন (ডব্লিউসিএস) সুবিধা দেওয়া হচ্ছে। এই ঋণের মূল লক্ষ্য হলো নারী উদ্যোক্তাদের পরিচালিত ব্যবসা এবং কৃষি খাতের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা...
১৮ মিনিট আগে
প্রকল্পটির আওতায় ইস্টার্ন রিফাইনারিতে বছরে আরও ৩০ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তৈরি হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার প্রায় ৪৫–৫০ শতাংশ পূরণ করা সম্ভব হবে। প্রকল্পটি ২০৩০ সালের নভেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
২৭ মিনিট আগে