আট বছর পর বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ তেল-গ্যাস-খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সাগরের ২৪টি ব্লকে অনুসন্ধান চালাতে আগামী ১০ মার্চ আন্তর্জাতিক দরপত্র আহ্বান করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি।
পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মূলত দেশের অভ্যন্তরীণ জ্বালানির চাহিদা পূরণে তেল-গ্যাসের উৎপাদন বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জনেন্দ্র নাথ।
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সর্বশেষ দরপত্র ডাকা হয়েছিল ২০১৬ সালে। কিন্তু বিদেশি কোম্পানির তেমন সাড়া না মেলায় আগ্রহ বাড়াতে আগের চেয়ে সুবিধা বাড়িয়ে ২০১৯ সালে নতুন উৎপাদন অংশীদারত্ব চুক্তি (পিএসসি) করে সরকার। কিন্তু দরপত্র ডাকা হয়নি। চার বছর পর ২০২৩ সালের জুলাইয়ে নতুন পিএসসি মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পায়।
নতুন করে দরপত্র আহ্বানের বিষয়ে জনেন্দ্র নাথ সরকার রয়টার্সকে বলেন, ‘২৪টি অফশোর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে প্রস্তাব জমার শেষ সময় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। এরপর সেগুলো মূল্যায়ন করা হবে। আমরা আশা করছি, চলতি বছরের শেষ নাগাদ এসংক্রান্ত চুক্তি করা সম্ভব হবে।’
ইউক্রেনে রাশিয়ার হামলার পর বিশ্বজুড়েই জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় বাড়তি ডলার খরচ করতে হচ্ছে। এজন্য রিজার্ভে টান পড়ায় তেল-গ্যাস আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে। এই অবস্থায় সরকার গত বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ৪৭০ কোটি ডলারের ঋণ সুবিধা নিয়েছে।
জনেন্দ্রনাথ সরকার বলেন, ‘এখন ডলারের সংকট বৈশ্বিক সমস্যা। তার পরও সরকার জ্বালানি ও বিদ্যুৎ খাতকে প্রাধান্য দিচ্ছে। তাই আমাদের জন্য এটা বাধা হয়ে দাঁড়াবে না।’
সমুদ্রসীমা নিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বিরোধ মিটলেও সাগরের বড় অংশ এখনো অনাবিষ্কৃত। ২০১২ সালে ভারতের সঙ্গে ও ২০১৪ সালে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তি হয়। এখন গভীর সমুদ্রে ১৫টি ও অগভীর সমুদ্রে ১১টি ব্লক আছে। এর মধ্যে ২০১০ সালে গভীর সমুদ্রে দুটি ব্লকে কাজ নেয় কনোকোফিলিপস। তারা দ্বিমাত্রিক জরিপ চালালেও পরে গ্যাসের দাম বাড়ানোর দাবি পূরণ না হওয়ায় কাজ ছেড়ে চলে যায়।
একইভাবে চুক্তির পর কাজ ছেড়ে চলে যায় অস্ট্রেলিয়ার সান্তোস ও দক্ষিণ কোরিয়ার পস্কো দাইয়ু। এখন একমাত্র কোম্পানি হিসেবে অগভীর সমুদ্রের দুটি ব্লকে অনুসন্ধান চালাচ্ছে ভারতের কোম্পানি ওয়েল অ্যান্ড ন্যাচারল গ্যাস করপোরেশন (ওএনজিসি)। এ দুটিকে বাদ দিয়ে বাকি ২৪টি ব্লকে দরপত্র আহ্বান করা হচ্ছে।

পাঁচ বছরে অর্থনীতিকে স্থিতিশীলতা থেকে উচ্চ প্রবৃদ্ধির পথে নিতে বড় ধরনের সংস্কারের পরিকল্পনা করেছে সরকার। ২০৩০–৩১ অর্থবছরের মধ্যে মাথাপিছু আয় ৪ হাজার ৫৯১ ডলার, জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৮ শতাংশ এবং মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।
১ ঘণ্টা আগে
খেলাপি ঋণ আদায়ে মামলানির্ভরতার বাইরে গিয়ে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে কাজ করতে আগ্রহী মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট যোগ্যতা ও সক্ষমতার ভিত্তিতে তালিকাভুক্ত করবে...
৩ ঘণ্টা আগে
কারখানার ছাদের সৌরবিদ্যুৎ দিয়ে তৈরি পোশাক খাতের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১৪ শতাংশ পূরণ করা সম্ভব। ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটের গড় খরচ মাত্র ৩ টাকা ৪ পয়সা। যা জাতীয় গ্রিডের বিদ্যুতের দামের অর্ধেকেরও কম। তবে অনুষ্ঠানে উপস্থিত অনেকে ভিন্নমত পোষণ করে বলেছেন, বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৪ থেকে ৫
৮ ঘণ্টা আগে
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দল ‘রয়্যাল স্টিচ’। গতকাল বুধবার অ্যানফিল্ড জোনে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ২-০ গোলে ‘ফাইবার ওয়ারিয়র্স’কে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি...
৮ ঘণ্টা আগে