
আরও ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা অনুমোদন করেছে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগনের পরিচালনা পর্ষদ। প্রায় নয় দশকের ইতিহাসে এটি প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় পুনর্গঠনের অংশ।
এর আগে গত মার্চে ৫০ হাজার পদ কমানোর ঘোষণা দিয়েছিল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। নতুন পরিকল্পনাসহ ২০৩০ সালের মধ্যে মোট ১ লাখ পদ কমানোর পরিকল্পনা করেছে ভক্সওয়াগন।
ভক্সওয়াগন ব্র্যান্ডের পাশাপাশি অডি, পোর্শে ও স্কোডাসহ একাধিক ব্র্যান্ড নিয়ে গঠিত এই প্রতিষ্ঠান জার্মানিতে তাদের চারটি কারখানার ভবিষ্যৎ নিয়েও ভাবছে।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে ভক্সওয়াগনের প্রধান নির্বাহী কর্মকর্তা অলিভার ব্লুম বলেন, এই পদক্ষেপ প্রতিষ্ঠানের ভবিষ্যতের জন্য একটি ‘শক্তিশালী সংকেত’। প্রতিষ্ঠানটি ‘পুরো কর্মীবাহিনীর প্রতি দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে’।
গত জুলাইয়েও ব্লুম জানিয়েছিলেন অতিরিক্ত কর্মী ছাঁটাইয়ের বিষয়টি বিবেচনা করছে ভক্সওয়াগন।
এদিকে শুক্রবার সকালে ফ্রাঙ্কফুর্টের শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৭ শতাংশ বেড়েছে। ‘গলফ’ গাড়ির নির্মাতা ভক্সওয়াগন বিক্রি কমে যাওয়া এবং বিশেষ করে চীনা ব্র্যান্ডগুলোর তীব্র প্রতিযোগিতার কারণে মুনাফা কমে যাওয়ার ধাক্কা খেয়েছে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ২০৩৫ সালের মধ্যে তারা উৎপাদিত গাড়ির মডেলের সংখ্যা ৫০ শতাংশ কমাবে এবং তাদের পণ্যের জটিলতা ৭৫ শতাংশ কমিয়ে আনবে।
ভক্সওয়াগন বলেছে, তারা সবচেয়ে আকর্ষণীয় গাড়িগুলোকে অগ্রাধিকার দেবে এবং প্রতিটি মডেলের উৎপাদনের পরিমাণ বাড়াবে। এতে উৎপাদন খরচ কমাতে সহায়তা করবে।
প্রতিষ্ঠানটির ভাষ্য, পরিবর্তিত চাহিদা ও প্রযুক্তিগত রূপান্তরের মুখে প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা নিশ্চিত করতে বিশ্বজুড়ে কর্মীবাহিনীতে ‘মৌলিক সমন্বয়’ প্রয়োজন।
ভক্সওয়াগন আরও বলেছে, ‘গ্রুপজুড়ে ব্যবস্থাপনা পর্যায়ের পদসহ প্রায় ৫০ হাজার পদে কর্মীবাহিনীর সমন্বয় প্রয়োজন হবে।’
জার্মানির এমডেন, জউইকাউ, হ্যানোভার ও নেকারসুলমে পরিচালিত কার্যক্রম নিয়েও বিভিন্ন বিকল্প বিবেচনা করছে প্রতিষ্ঠানটি। ভক্সওয়াগন জানিয়েছে, এসব স্থানে উৎপাদন সক্ষমতা চাহিদার তুলনায় বেশি।
প্রতিষ্ঠানটি বলেছে, ‘এই কারখানাগুলোর বিকল্প ব্যবহার নিয়ে মূল্যায়ন করা হচ্ছে।’
২০২৫ সাল পর্যন্ত বিশ্বজুড়ে ভক্সওয়াগনে ৬ লাখ ৬০ হাজারের বেশি কর্মী কাজ করতেন। প্রতিষ্ঠানটির অন্যান্য ব্র্যান্ডের মধ্যে রয়েছে সিয়াট, বেন্টলি ও ল্যাম্বরগিনি।
ইউরোপের সবচেয়ে বড় শিল্প শ্রমিক ইউনিয়ন আইজি মেটালের সভাপতি এবং ভক্সওয়াগনের তত্ত্বাবধায়ক বোর্ডের ভাইস চেয়ারম্যান ক্রিস্টিয়ান্নে বেনার বলেন, ‘সংকট পরিস্থিতি’ মোকাবিলায় ভালো সমাধান বের করতে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি ‘কঠোর লড়াই করেছে’।
সাম্প্রতিক বছরগুলোতে ভক্সওয়াগনের মুনাফা উল্লেখযোগ্যভাবে কমেছে। একসময় প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় বাজারগুলোর একটি ছিল চীন। সেখানে বিক্রি কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি বড় ধাক্কা খেয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রেও বিক্রি কমেছে। এর পেছনে আংশিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চালু করা আমদানি করা গাড়ির ওপর শুল্কের প্রভাব রয়েছে।
এ ছাড়া চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো কম উৎপাদন খরচের সুবিধা নিয়ে নতুন প্রযুক্তি বাজারে আনছে এবং দ্রুত তাদের কার্যক্রম সম্প্রসারণ করছে। সাম্প্রতিক বছরগুলোতে বিওয়াইডিসহ বিভিন্ন চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের বিক্রি যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন বাজারে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বড় সমস্যা খেলাপি ঋণ। খেলাপি ঋণ আদায়ে মামলা করেও ব্যাংকগুলোর কোনো লাভ হচ্ছে না। আইনি জটিলতা, দীর্ঘসূত্রতা এবং স্থগিতাদেশের কারণে ব্যাংকের পাওনা আদায় কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
১৪ ঘণ্টা আগে
দেশে তরুণ-তরুণীদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বাস্তবে রূপ দিতে এবার সহায়ক শক্তি হিসেবে পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ‘উদ্যোগ’ নামে একটি বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে। উদ্যোক্তার ক্যারিয়ার গড়তে যাদের বড় স্বপ্ন আছে, বাস্তবসম্মত পরিকল্পনাও আছে, কিন্তু পুঁজির অভাবে থমকে আছে—এমন উদ্যোগে গতি দেবে নতুন
১৫ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও প্রক্রিয়াকরণ ব্যয় হিসাব করেই ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার মহাখালীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
আইএফসি হলো বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক শাখা। ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে এই আনসিকিউরড ওয়ার্কিং ক্যাপিটাল সলিউশন (ডব্লিউসিএস) সুবিধা দেওয়া হচ্ছে। এই ঋণের মূল লক্ষ্য হলো নারী উদ্যোক্তাদের পরিচালিত ব্যবসা এবং কৃষি খাতের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা...
১ দিন আগে