Ajker Patrika

সিবিএর চাপে অস্থায়ী শ্রমিকে টইটম্বুর যমুনা

• ‘নো ওয়ার্ক নো পে’র অধীনে ৬১৮ জন শ্রমিক-কর্মচারী

• প্রতিষ্ঠানটিতে স্থায়ী জনবলের সংখ্যা ৪২৯

• বেতন-ভাতা বাবদ প্রতিবছর ব্যয় সাড়ে ১২ কোটি টাকা

• স্থায়ীদের বসিয়ে রেখে কাজ করানো হয় অস্থায়ীদের

• সিবিএ নেতাদের চাপাচাপিতে অস্থায়ীরা কাজে

• যে শ্রমিকনেতার দাপট যত বেশি, তিনি সরবরাহ করেন বেশি শ্রমিক

সবুর শুভ, চট্টগ্রাম
সিবিএর চাপে অস্থায়ী শ্রমিকে টইটম্বুর যমুনা

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা যমুনা অয়েলে ‘নো ওয়ার্ক নো পে’র অধীনে কাজ করেন ৬১৮ জন শ্রমিক-কর্মচারী। এসব শ্রমিক-কর্মচারীর পেছনে বছরে ব্যয় হয় সাড়ে ১২ কোটি টাকা। স্থায়ী শ্রমিক-কর্মচারীদের অধিকাংশ ক্ষেত্রে বসিয়ে রেখে এমন শ্রমিক-কর্মচারীদের কাজ করানোয় প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং এই বাড়তি অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সিবিএ নেতাদের চাপেই এমন অস্থায়ী শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়।

যমুনা অয়েলের ১৮ ডিপো (কেপিআই-১), প্রধান কার্যালয়, প্রধান স্থাপনা (কেপিআই-১), ঢাকা লিয়াজোঁ অফিস, বিভাগীয় অফিস খুলনা ও বগুড়ায় এই ৬১৮ জন শ্রমিক-কর্মচারীকে কাজে লাগানো হয়। যমুনা অয়েল সূত্র জানিয়েছে, কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে এসব লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের তদারকি করার ক্ষেত্রে রয়েছে উদাসীনতা। অথচ রাষ্ট্রায়ত্ত এই তেল কোম্পানিতে কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও সিকিউরিটি মিলে স্থায়ী জনবল রয়েছেন ৪২৯ জন। এ বিষয়ে যমুনা অয়েলের ডিজিএম (এইচআর) মোহাম্মদ জোবায়ের চৌধুরী বলেন, কোম্পানি কাজের প্রয়োজনে বিভিন্ন ধরনের শ্রমিক-কর্মচারীকে কাজে লাগায়। এ ছাড়া প্রবল জনবলসংকটও রয়েছে।

যদিও যমুনা অয়েল কোম্পানি থেকে প্রাপ্ত তথ্যমতে, নো ওয়ার্ক নো পের অধীনে যমুনায় কন্ট্রাক্টর ক্যাজুয়াল হিসেবে ৩৬৮ জন শ্রমিক-কর্মচারী কাজ করছেন। এর মধ্যে কর্মচারী ৪৯ ও শ্রমিক ৩০৯ জন। ডিএস ক্যাজুয়াল বা স্থানীয় নিয়োজিত হিসেবে কাজ করেন ১৯৯ জন। এর মধ্যে কর্মচারী ২৮ ও শ্রমিক ১৭১ জন। আর ৬১ কোম্পানি ক্যাজুয়ালের মধ্যে ১৫ কর্মচারী ও ৪৬ জন শ্রমিক কাজ করছেন যমুনার বিভিন্ন স্থাপনা বা বিভাগে।

যমুনা অয়েলে স্থায়ী কর্মকর্তা ১৩৪, কর্মচারী ৭৮, শ্রমিক ১৬৪ ও নিরাপত্তা বিভাগে ৫৩ জন কর্মরত। স্থায়ী এই জনবলের সংখ্যা ৪২৯ জন। এ ক্ষেত্রে স্থায়ী জনবলের চেয়ে নো ওয়ার্ক নো পের শ্রমিক-কর্মচারী বেশি রয়েছেন ১৮৯ জন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে যমুনা অয়েলে এসব শ্রমিক-কর্মচারীর দায়িত্ব পালন নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থায়ী কর্মচারী-শ্রমিককে বসিয়ে রেখে এসব শ্রমিক-কর্মচারী দিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্ব পালনে যমুনার নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা বলেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ বিষয়ে যমুনায় শ্রমিক সরবরাহকারী শ্রমিক কন্ট্রাক্টর মুনমুন এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ মনছুর আলম বলেন, ‘কোম্পানির চাহিদা অনুসারে আমরা শ্রমিক সরবরাহ করে থাকি। শ্রমিক সরবরাহের বিল কোম্পানিতে সাবমিট করি।’

এদিকে এসব শ্রমিক-কর্মচারী সরবরাহের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিভিন্ন সময়ে সিবিএ নেতা কিংবা রাজনৈতিক নেতারা এসব শ্রমিক-কর্মচারী সরবরাহ করেন। এ ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা লেনদেন হয় চাকরিদাতা ও গ্রহীতার মধ্যে। সিবিএ নেতাদের মধ্যে যাঁর দাপট বেশি, তিনি বেশি শ্রমিক-কর্মচারী সরবরাহ করেন। যাঁর দাপট কম, তিনি কম শ্রমিক সরবরাহ করার সুযোগ পান।

এ বিষয়ে নাম প্রকাশ না করে সাবেক এক শ্রমিকনেতা জানান, যে সময় যাঁরা সিবিএ নেতা থাকেন, তাঁদের চাপাচাপিতে এসব শ্রমিক-কর্মচারীকে কাজে লাগাতে হয়। এতে মোটা অঙ্কের টাকা লেনদেনের বিষয় সবারই জানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত