Ajker Patrika

আইন করে বা শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
আইন করে বা শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল
আজ দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে মাদকবিরোধী সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা

শুধু আইন প্রণয়ন করে বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সবাইকে সম্পৃক্ত করে মাদকবিরোধী লড়াইকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক মাদকবিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা মাদকবিরোধী অভিযান ঠাকুরগাঁওয়ে শুরু করেছি সবাইকে সম্পৃক্ত করে। আমাদের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজ, রাজনৈতিক দল এবং সাংবাদিকদের প্রতিষ্ঠান—সকলকে নিয়ে এই মাদকবিরোধী অভিযানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই।’

মাদক নির্মূলে সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘এটা ছাড়া আমি মনে করি বিকল্প কোনো পথ নেই। শুধুমাত্র আইন করে, শাস্তি দিয়ে মাদককে নির্মূল করা সম্ভব নয়। আমি বিশ্বাস করি, ঠাকুরগাঁওয়ে আমরা যে পদক্ষেপ নিতে যাচ্ছি, সেই পদক্ষেপগুলোর ফলে অবশ্যই কিছু ইতিবাচক ফল লাভ করব।’

এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমরা চাই, আপনারা এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করবেন। এই প্রচারটা করবেন—এর মূল কাজ হচ্ছে প্রচার করা যে মাদক খারাপ জিনিস, মাদক ব্যবহার করা উচিত নয়। এভাবেই আমাদের নিজেদের এগিয়ে যেতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত