Ajker Patrika

মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ২৩: ৫৫
মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখা গেছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ। আজ রোববার (২৫ অক্টোবর) সকালে উপজেলার মনসুর ধুল্যা এলাকায় মহাসড়কের পাশে ওষুধের প্যাকেটগুলো দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মহাসড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বেশ কিছু ওষুধের প্যাকেট তাঁদের নজরে আসে। কাছে গিয়ে সেগুলোর কয়েকটি মেয়াদোত্তীর্ণ বলে দেখতে পান তাঁরা। তবে ওষুধগুলো কোথা থেকে এসেছে কিংবা কে বা কারা সেখানে ফেলে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি হাসপাতালগুলোতে অনেক সময় রোগীরা প্রয়োজনীয় ওষুধ না পাওয়ার কথা জানান। এমন পরিস্থিতিতে মহাসড়কের পাশে মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে থাকার ঘটনা ওষুধের সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে। তাঁরা ওষুধগুলোর উৎস শনাক্ত করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, ‘আমাদের হাসপাতালে কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ নেই। মহাসড়কের পাশে কারা এসব ওষুধ ফেলে গেছে, সে বিষয়েও আমি অবগত নই। তবে বিষয়টি জানার পর হাসপাতালের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি এবং খোঁজখবর নেওয়া হচ্ছে।’

এর আগে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ সামনে এসেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মির্জাপুরে মহাসড়কের পাশে মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে থাকার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত