Ajker Patrika

প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৬: ০৭
প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
বিজয় চন্দ্র কোচ। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে বংশাই নদীতে পড়ে নিখোঁজ হওয়া বিজয় চন্দ্র কোচের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৪১ ঘণ্টা পর আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দাড়িয়াপুর নামাপাড়া এলাকা থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ওই স্থান প্রায় দুই কিলোমিটার দূরে।

নিহত বিজয় চন্দ্র কোচ উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের ফনিন্দ্র চন্দ্র কোচের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার রতনগঞ্জ এলাকায় বংশাই নদীতে প্রতিমা বিসর্জন দিয়ে বিজয় চন্দ্রসহ প্রায় ৪০ জনের একটি দল ইঞ্জিনচালিত নৌকায় বাড়ি ফিরছিলেন। এ সময় নৌকার ছাদে উচ্চস্বরে গান বাজিয়ে তাঁরা নাচানাচি করছিলেন। নৌকাটি বংশাই নদীর দুলশিমুল এলাকায় পৌঁছালে বিজয় চন্দ্র হঠাৎ নদীতে পড়ে যান।

সাঁতরে তীরে ওঠার চেষ্টা করলেও নদীপাড়ের ঝোপঝাড়ের কাছে গিয়ে হঠাৎ পানিতে ডুবে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

স্থানীয় বাসিন্দা জুবায়ের শিকদার বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টাঙ্গাইল থেকে ডুবুরি এনে উদ্ধার অভিযান পরিচালনা করে। বিজয় চন্দ্রকে খুঁজে না পেয়ে বিকেল ৫টায় উদ্ধার অভিযান সমাপ্ত করে তাঁরা ফিরে যান। আজ খবর আসে, বংশাই নদীর দাড়িয়াপুর এলাকায় বিজয় চন্দ্রের লাশ ভেসে উঠেছে।

সখীপুর থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত