Ajker Patrika

সিলেটে ৩ খুনের সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন, ৩ দিনের আলটিমেটাম

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ২০: ০৬
সিলেটে ৩ খুনের সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন, ৩ দিনের আলটিমেটাম
সিলেটে ট্রিপল মার্ডারের বিচার দাবিতে মানববন্ধন। আজ শুক্রবার দুপুরে সিলেট মহানগরীর শাহী ঈদগাহ প্রাঙ্গণে তোলা। ছবি: আজকের পত্রিকা

সিলেটের রায়নগরে তিন খুনের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহত দম্পতির পরিবারের সদস্য ও এলাকাবাসী। এ সময় প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনকে তিন দিনের সময়সীমা দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।

আজ শুক্রবার দুপুরে সিলেট মহানগরীর শাহী ঈদগাহ প্রাঙ্গণে বৃহত্তর শাহী ঈদগাহবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত দম্পতির কন্যা তাহমিনা সাত্তার এনি ও সেলিনা সুলতানা শিখা কান্নাজড়িত কণ্ঠে তাঁদের মা-বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজসেবক হেলাল চৌধুরীর সভাপতিত্বে এবং স্থানীয় ব্যবসায়ী সোহাগ আহমদের সঞ্চালনায় মানববন্ধনে নিহত পরিবারের সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে নিহত পরিবারের সদস্যরা বলেন, গত ১২ আগস্ট সিলেট নগরীর রায়নগরের মিতালী এলাকায় অত্যন্ত নৃশংসভাবে তিনজনকে হত্যা করা হয়। এই ঘটনা শুধু সিলেটবাসীকেই নয়, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশিদেরও গভীরভাবে নাড়া দিয়েছে।

নিহতদের মেয়েরা বলেন, হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কারণের কথা বলা হয়েছে। ঘটনার দিন পুলিশের পক্ষ থেকে প্রেমের সম্পর্ককে হত্যাকাণ্ডের কারণ হিসেবে উল্লেখ করা হয়। পরে খারাপ ব্যবহারের কারণে হত্যাকাণ্ডের কথা বলা হয়। সর্বশেষ চুরির টাকা কিংবা বাসাভাড়ার টাকা জোগাড় করতে গিয়ে হত্যাকাণ্ড ঘটেছে বলে যে বক্তব্য সামনে এসেছে, তা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

নিহতের মেয়েরা বলেন, একেক সময় একেক ধরনের বক্তব্য আসায় হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে তাঁদের মধ্যে গভীর সংশয় তৈরি হয়েছে। তাই সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে প্রকৃতপক্ষে যারা জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও সিলেটবাসীর মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

সভাপতির বক্তব্যে যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবক হেলাল চৌধুরী বলেন, তিনজন মানুষের নৃশংস হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একেক সময় একেক ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, যা সাধারণ মানুষকে হতাশ করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে নিরপেক্ষ ও গভীর তদন্তের দাবি জানান তিনি। একই সঙ্গে অপরাধীদের ধরতে প্রশাসনকে তিন দিনের সময়সীমা দেন তিনি।

মানববন্ধনে বক্তারা বলেন, কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি কিংবা সাজা দেওয়ার পক্ষে তাঁরা নন। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। আগামী তিন দিনের মধ্যে হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে এলাকার বিশিষ্ট মুরব্বি মিল্লাত আহমেদ, সুয়েব আহমদ, রুবেল আহমেদ, ফাহিদ আহমদ, তানভীর আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১২ আগস্ট সকালে সিলেট নগরের রায়নগর এলাকার নিজেদের বাসা থেকে আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও তাঁদের গৃহকর্মী তাহমিনা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বাবুল মিয়া নামে এক রংমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন। নিহত আব্দুস সাত্তারের এক ছেলে ও তিন মেয়ে। তাঁরা সবাই প্রবাসে থাকেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত