Ajker Patrika

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক আটক

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১: ১০
ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক আটক
পুলিশের হাতে আটক মেহেদী আহমেদ । ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য পোস্ট করার অভিযোগে মেহেদী আহমেদ (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাঁকে সিলেট নগরীর সাদিপুর এলাকা থেকে আটক করা হয়।

আজ শনিবার বিকেলে তাঁকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটক মেহেদী আহমেদ (২১) সিলেট শহরের কোতোয়ালি থানা এলাকার সাদিপুরের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বশেষ সিলেটে আসার সময়ে মেহেদী তাঁকে অশ্লীল ভাষায় গালাগাল করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। এ ছাড়া বিভিন্ন সময়ে সে তাঁকে গালাগাল করে ফেসবুকে পোস্ট করে। বিষয়টি পুলিশের নজরে আসলে গতকাল শুক্রবার অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আজ শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীর বিষয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগসহ শহরে ছাত্রলীগের যতটা মিছিল হয়েছে, সবগুলোতেই তাঁর সম্পৃক্ততা রয়েছে। আপাতত তাঁর বিরুদ্ধে একটি মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আর কী কী অভিযোগ আছে, সেগুলোও তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত