Ajker Patrika

ফেসবুক পোস্টে মহানবী (সা.)-কে অবমাননা, যুবক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ২০: ৪৭
ফেসবুক পোস্টে মহানবী (সা.)-কে অবমাননা, যুবক আটক
প্রতীকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে কৃপেশ রায় (৪৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। কৃপেশ রায় ওই গ্রামের ক্ষিতীন্দ্র চন্দ্র রায়ের ছেলে। তাঁকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহাম্মদ।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার একটি ফেসবুক আইডি থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়া হয়। এ নিয়ে স্থানীয় মুসল্লিদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তবে কৃপেশ রায়ের দাবি, পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ তাঁকে ফাঁসাতে ভুয়া ফেসবুক আইডি খুলে ওই পোস্ট দিয়েছে। এ বিষয়ে আইনি সুরক্ষা চেয়ে তিনি গতকাল রাতে তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ওসি ফারুক আহাম্মদ বলেন, কৃপেশ রায় থানায় জিডি করে তাঁকে ফাঁসানোর অভিযোগ করেছেন। তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রাজারগাঁও গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী বলেন, মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে পড়েন। পরে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে। সার্বিক নিরাপত্তায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত