সুনামগঞ্জের জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইদের বর্বরোচিত হামলায় নিহত নাজিম উদ্দিন (৪৫) হত্যা মামলার প্রধান আসামি মাছুম মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তারকৃতকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে মৌলভীবাজারের কুলাউড়া থেকে জগন্নাথপুর থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাছুম মিয়া পৌরসভার লুদরপুর এলাকার মৃত মাসুক মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।










