Ajker Patrika

দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

রংপুর প্রতিনিধি
দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী
রংপুর জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে তিন থেকে আট বিঘা পর্যন্ত খাসজমি চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম।

আজ শনিবার দুপুরে রংপুর জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে এ কথা জানান। মন্ত্রী বলেন, ‘প্রত্যেকটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই। এ বিষয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘ক্রীড়া সংস্থা ও ফেডারেশনের যেসব কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত, তাঁদের কাউকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাইয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) কাজ করছে। পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয় ১৫টি কমিটি গঠন করেছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রংপুর জেলা স্টেডিয়ামসহ দেশের সব জেলা স্টেডিয়াম আধুনিকায়নে সরকার একটি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে বলে জানান আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘এ জন্য ইতিমধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হয়েছে এবং বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পের আওতায় সুইমিংপুল, ইনডোর স্টেডিয়াম, জিমনেসিয়ামসহ বিভিন্ন ক্রীড়া সুবিধা উন্নত করা হবে। আটটি বিভাগে ভাগ করে পর্যায়ক্রমে এসব সংস্কার ও আধুনিকায়ন করা হবে।’

রংপুর জেলা স্টেডিয়ামের ড্রেসিংরুম, প্রেস বক্স ও গ্যালারির সংস্কারকাজও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও প্রকৌশলীরা কাজ করছেন বলে জানান প্রতিমন্ত্রী। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে।

পরিদর্শনকালে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুন্নবী চৌধুরী ডনসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত