Ajker Patrika

রংপুরে পলাশ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
রংপুরে পলাশ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি
নগরীর সাহেবগঞ্জ তিনমাথা মোড়ে আয়োজিত মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

রংপুরের কাউনিয়ায় পলাশ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেওয়া হয়।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে ‘সচেতন ছাত্রসমাজের’ ব্যানারে রংপুর নগরীর সাহেবগঞ্জ তিনমাথা মোড়ে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নিহতের স্বজন ও প্রতিবেশীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

নিহত পলাশ কাউনিয়া উপজেলার হারাগাছ থানার আরাজি বীরচরণ গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

মানববন্ধনে নিহতের ভাই আশরাফুল বলেন, গোপনে জমি কেনার পাঁয়তারার প্রতিবাদ করাকে কেন্দ্র করে গত ১০ আগস্ট রাতে প্রতিপক্ষের মোজাহার ও তাঁর দুই ছেলে সাব্বির, সজিব এবং তাঁদের আত্মীয় মানিক, সোনা, মনসুর, মিটুল মিলে দেশীয় অস্ত্র নিয়ে সাহেবগঞ্জ তিনমাথা বাজারে পলাশের ওপর হামলা করে। সেই রাতে গুরুতর আহত পলাশকে নিয়ে থানায় গেলেও বিষয়টি আমলে নেয়নি পুলিশ। পরে তাঁর মৃত্যু হলে পুলিশ মামলা রুজু করে।

নিহতের মা আকলিমা খাতুন বলেন, প্রতিপক্ষ মোজাহার ও তাঁর লোকজনেরা আমার ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।

মানববন্ধনে বক্তারা বলে, বাজারে প্রকাশ্যে পলাশকে পিটিয়ে হত্যা করা হলো। তখন পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো হামলাকারীদের পক্ষ হয়ে ঘটনাস্থলে এসেছিল। পরে মামলা রুজু হলেও এখনো আসামিরা গ্রেপ্তার হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাও এবং হরতালসহ বৃহৎ কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

এ বিষয়ে হারাগাছ থানার পরিদর্শক (ওসি) অশোক চৌহান বলেন, গত ১০ আগস্ট ঘটনার পর পুলিশকে বিষয়টি ভালোভাবে জানানো হয়নি। গত বুধবার (১৯ আগস্ট) মামলা রুজু হওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে। বাকি আসামিদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত