
রংপুরের পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করে তারা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা জমি রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন।
বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ৪০–৫০ বছর আগে বিদ্যালয়সংলগ্ন উত্তর পাশে আব্দুর রহমান নামে এক ব্যক্তি বাড়ি নির্মাণ করেন। বাড়িতে প্রবেশের জন্য সে সময় কোনো রাস্তা না থাকায় আব্দুর রহমান বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যাতায়াতের জন্য জায়গা ব্যবহারের অনুমতি চান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সুপারিশে মানবিক দিক বিবেচনা করে বিদ্যালয়ের প্রায় চার শতক জমি দিয়ে বাড়িতে যাতায়াতের জন্য মৌখিকভাবে ব্যবহারের অনুমতি দেওয়া হয় বলে জানান শিক্ষকেরা।
এরপর থেকে আব্দুর রহমানের পরিবার ওই জমির ওপর দিয়ে বাড়িতে যাতায়াত করে আসছিল। আব্দুর রহমান মারা যাওয়ার পরও তাঁর পরিবারের সদস্যরা একই পথ ব্যবহার করছেন। বিদ্যালয় কর্তৃপক্ষও এত দিন তাঁদের চলাচলে বাধা দেয়নি বলে জানান সংশ্লিষ্টরা।
তবে বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, প্রায় এক সপ্তাহ আগে আব্দুর রহমানের ছেলে রওশন আলম ওই চলাচলের পথের প্রবেশমুখে আরসিসি ঢালাই দিয়ে স্থায়ী অবকাঠামো নির্মাণ এবং স্টিলের গেট স্থাপনের কাজ শুরু করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ সরদার নির্মাণকাজ বন্ধ করতে বললেও তিনি তা শোনেননি। বরং প্রধান শিক্ষককে হুমকি-ধমকি ও লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
পরে বিদ্যালয়ের জমি রক্ষায় বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ করেন প্রধান শিক্ষক। তবে অভিযোগের পরও কোনো প্রতিকার না পাওয়ায় বুধবার শিক্ষক–শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির আয়োজন করেন।
অবস্থান কর্মসূচি চলাকালে অভিযুক্ত রওশন আলমের বোন সেখানে উপস্থিত হয়ে কর্মসূচি বানচালের চেষ্টা করেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন শিক্ষক–শিক্ষার্থীরা। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের স্কুলের জমি দখল হয়ে যাচ্ছে, অথচ আমরা কোনো প্রতিকার পাচ্ছি না। উপায় না পেয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। স্কুলের দখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধারে প্রশাসনের আশু হস্তক্ষেপ চাই।’
তবে বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ অস্বীকার করেছেন রওশন আলম। তিনি বলেন, ‘আমরা ৬০ থেকে ৭০ বছর ধরে এখানে বাড়ি করে এই জমি ভোগদখল করে আসছি। আমাদের কাগজপত্র রয়েছে।’
প্রধান শিক্ষক আব্দুল হামিদ সরদার বলেন, ‘এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। একজন প্রতিষ্ঠানপ্রধান হিসেবে প্রতিষ্ঠানের জমি বেদখল হওয়া থেকে রক্ষার চেষ্টা করছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মুজাক্কিন বলেন, ‘শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালনের আগে আমার কাছে আসতে পারত। যাইহোক, বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে শিগগিরই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
২ মিনিট আগে
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরের কোম্পানিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা। তাঁদের কাছ থেকে ১৩টি চোরাই মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৭ মিনিট আগে
রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজের প্রকল্প ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, গুলি, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিনজনক তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালত এ আদেশ দেন।
১৪ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসে উচ্চস্বরে গল্প করাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতির জেরে ফের মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে