Ajker Patrika

রংপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ মেরিল সুমন গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি
রংপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ মেরিল সুমন গ্রেপ্তার
গ্রেপ্তার রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমন। ছবি: সংগৃহীত

রংপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে (৩৫) গ্রেপ্তার করেছে এসআরবি। হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে ২৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে মহানগরের সিও বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার দুপুর ২টার দিকে এসআরবি-১৩-এর উপঅধিনায়ক মেজর সাইফুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, রংপুর কোতোয়ালি থানায় করা একটি অস্ত্র মামলায় মেরিল সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।

মেরিল সুমন রংপুর মহানগরের শালবন শাহীপাড়া এলাকার আবু হানিফের ছেলে। তাঁর বিরুদ্ধে থাকা ২৬টি মামলার মধ্যে ছয়টি অস্ত্র মামলা, আটটি হত্যাচেষ্টা ও মারামারির মামলা, চারটি চাঁদাবাজির মামলা এবং তিনটি ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। এ ছাড়া হত্যা, অপহরণ, সন্ত্রাসবিরোধী আইন, মাদক ও দ্রুত বিচার আইনে একটি করে মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

সংস্থাটি জানায়, ২০১৫ সালে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে মেরিল সুমনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল তৎকালীন র‍্যাব-৫। পরে ২০১৯ সালে রংপুরের তাজহাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ এবং ২০২৩ সালে ইস্টার্ন হাউজিং এলাকা থেকে পিস্তল ও ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সবশেষ চলতি বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে হামলার পরিকল্পনা এবং নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টির অভিযোগে ঠাকুরগাঁও থেকে মেরিল সুমনকে গ্রেপ্তার করা হয়েছিল।

এসআরবি-১৩-এর উপঅধিনায়ক মেজর সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য মেরিল সুমনকে এসআরবি-১৩ কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁর অবৈধ অস্ত্রের সন্ধান এবং সহযোগীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত