শনিবার খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধা বেলা অবরোধের ডাক

সাজেকের উজো বাজারে অবরোধকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে আগামী শনিবার খাগড়াছড়ি এবং রাঙামাটি জেলায় আধা বেলা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’ নামের একটি সংগঠন এ কর্মসূচি ঘোষণা করে।
সংগঠনটির ফেসবুক পোস্টে বলা হয়, সাজেকবাসীর ওপর নির্যাতন, ঘরবাড়ি ও দোকানপাটে হামলা এবং গুলিবর্ষণের প্রতিবাদে আধা বেলা অবরোধ কর্মসূচি পালন করা হবে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এর আগেও এই অঞ্চলে বিভিন্ন বেনামি বা সাময়িক নামে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় অনেকের মতে, এটি মূলত আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ছদ্মবেশী উদ্যোগ।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সাজেক এলাকার ঘটনার জেরে এই নামে অবরোধের আহ্বান জানানো হয়েছে। অবরোধ কর্মসূচি শেষ হওয়ার পর এ ধরনের সংগঠন বিলুপ্ত বা নিষ্ক্রিয় হয়ে যায় বলেও তাঁদের দাবি।









