বেতন বাড়ানোর আন্দোলন করায় ডাকঘর কর্মচারীদের ১৪ দিনের টাকা উধাও

বেতন বাড়ানোর আন্দোলন করায় বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘর কর্মচারীদের ১৪ দিনের বেতন কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ডাক কর্তৃপক্ষ টাকা কেটে না নেওয়ার আশ্বাস দিলেও দুই মাসেও সেই টাকা পাননি কর্মচারীরা। গতকাল সোমবার রাজশাহী ডাকঘর কর্মচারী কল্যাণ পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সংগঠনের উপদেষ্টা আব্দুল জলিল ও হজরত আলী বলেন, ধর্মঘটের পর কর্মচারীরা কাজে যোগ দিয়ে ডাক বিলি করলেও তাঁদের ১৪ দিনের বেতন কেটে নেওয়া দুঃখজনক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গত ৬ থেকে ২০ জুলাই পর্যন্ত টানা ১৪ দিন ধর্মঘট পালন করেন শাখা ডাকঘর কর্মচারীরা। ধর্মঘটের কারণে প্রায় সাড়ে আট হাজার গ্রামীণ ডাকঘরের কার্যক্রম বন্ধ থাকে। এতে চিঠিপত্র, ভিপি, পার্সেল, মানি অর্ডারসহ ডাক বিভাগের সেবা ব্যাহত হয়। বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়ে বিপুলসংখ্যক ডাক জমে যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ধর্মঘটের কারণে অচলাবস্থা তৈরি হলে কর্তৃপক্ষ আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করে। বগুড়া প্রধান ডাকঘরের সামনে রাজশাহী ও রংপুর বিভাগের ৬০০ থেকে ৭০০ কর্মীকে ডেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে ধর্মঘটের ১৪ দিনের বেতন কেটে নেওয়া হবে না বলেও জানানো হয়। গত ২১ জুলাই ধর্মঘট প্রত্যাহার করে কর্মস্থলে যোগ দেন কর্মচারীরা। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও কেটে নেওয়া টাকা দেওয়া হয়নি।
পরিষদের সভাপতি জহুরুল হক ও সম্পাদক হাফিজুর রহমান জানান, গত ৩১ আগস্ট ও ১৪ সেপ্টেম্বর উত্তরাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার জেনারেল (পিএমজি) আল মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা। দ্রুত সময়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।
এ বিষয়ে পিএমজি আল মাহমুদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সভায় আছেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।









