মুরগির বাচ্চা ও খাবারের দাম বাড়ায় পোলট্রি শিল্পে বিপর্যয়

ব্রয়লার-লেয়ার মুরগির বাচ্চা ও পোলট্রি ফিডের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন চারঘাটের খামারিরা। ফলে মাংস ও ডিম উৎপাদন ব্যাহত হচ্ছে। চলতি বছর কয়েক দফায় খাদ্যের দাম বাড়ায় অনেকেই খামারে মুরগি উৎপাদন করছেন না। এতে খুচরা ও পাইকারি বাজারে দেখা দিয়েছে মুরগির সংকট। তাতে বাজারে ডিম ও মুরগির দাম অস্বাভাবিক বাড়লেও এর সুফল পাচ্ছেন না তৃণমূল পর্যায়ের খামারিরা।
উপজেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, উপজেলায় ৬৩টি পোলট্রি খামার রয়েছে। কিন্তু মুরগির বাচ্চা, খাবারসহ অন্যান্য উপকরণের দাম বাড়ায় উপজেলায় বর্তমানে ৩১টি খামার সচল রয়েছে। এক মাস আগেও ব্রয়লার মুরগির বাচ্চার দাম ছিল ২০ থেকে ২৫ টাকা। বর্তমানে সেই বাচ্চার দাম ৬০ থেকে ৭০ টাকা। একইভাবে ১৫ থেকে ২০ টাকা দামের একটি লেয়ার মুরগির বাচ্চা ৪৫ থেকে ৫৫ টাকা। তা ছাড়া পোলট্রি মুরগির খাবারের দাম গত ছয় মাসে ৫০০ টাকা বেড়েছে। ২ হাজার টাকা বস্তার খাবার বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ টাকা দামে।
ক্ষুদ্র ও মাঝারি পুঁজির পোলট্রি খামারিরা বলছেন, সরকারি কোনো নীতিমালা না থাকায় কয়েকটি বহুজাতিক কোম্পানির সিন্ডিকেট ডিম, বাচ্চা ও ওষুধ এ দেশের বাজার অনেকটা দখল করে রেখেছে। ফলে প্রতিযোগিতায় টিকতে না পেরে লোকসানে ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি শিল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বাজারে ডিম ও মুরগির দাম বৃদ্ধি পেলেও তৃণমূল পর্যায়ের খামারিরা তাতে লাভবান হচ্ছে না। লাভের টাকা যাচ্ছে ডিলার ও কোম্পানিগুলোর পকেটে।
উপজেলার ইউসুফপুর এলাকার প্রসিদ্ধ খামারি আবুল হোসেন বলেন, 'এখন বড় বড় কোম্পানি পোলট্রি খাতে বিনিয়োগ করেছে। তারা ইচ্ছামতো খাদ্যের দাম বাড়ায়। কারণ তারা নিজেরাই খাদ্য, বাচ্চা, মাংস ও ডিম উৎপাদন করে। আর এর বাইরে যেসব খামারি থাকেন, তাঁদের ডিলাররা শোষণ করে। বছরের যেকোনো দুই সময়ে মুরগির মাংস ও ডিমের দাম বাড়ায় তারা। যাতে নতুন খামারি তৈরি না হয়। আবার সারা বছর ধরে লোকসান দেন খামারিরা। পোলট্রি সেক্টরে গরুর মতো হঠাৎ বিক্রি করে দেওয়া যায় না। জমি বিক্রি করে হলেও মুরগিকে খাওয়াতে হয়। স্বয়ং সরকারও এই সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ।
উপজেলা পোলট্রি খামারি অ্যাসোসিয়েশনের সভাপতি আকরাম হোসেন বলেন, 'উপজেলার প্রায় ৫০ ভাগ খামার বন্ধ হয়ে গেছে। আর বাকি ২০ ভাগ বন্ধ হওয়ার পথে। বেকার যুবকেরা ঋণ নিয়ে যে খামার করেছিলেন, এখন হঠাৎ করে খামারের মুরগির খাদ্যদ্রব্যের দাম বাড়ায় তা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পোলট্রি শিল্প বাঁচাতে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন।'
চারঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, 'খাদ্য ও ওষুধের মূল্য বাড়ায় ক্ষুদ্র খামারিরা লোকসানের মুখে পড়েছেন। ফলে বর্তমানে এ উপজেলার অনেকেই খামার বন্ধ করে দিতে চাইলেও প্রাণিসম্পদ বিভাগের কর্মচারীরা মাঠ পর্যায়ে তদারকি চালিয়ে ও পরামর্শ দিয়ে খামারিদের এ ব্যবসায় ধরে রাখার চেষ্টা করছেন।'









