রাকসুর তফসিলের দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘রাবি সংস্কার আন্দোলন’। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন সংগঠনটির নেতারা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) তাদের কর্মসূচি চলছিল।
এসময় তারা ‘গণতন্ত্রের বুলি নয়, গণতন্ত্রের চর্চা চাই’, ‘আদু, যদু, মধু ভাই; তারা কি আর রাকসু চায়?’ এবং ‘প্রশাসনের কালক্ষেপণ, মানবে না শিক্ষাঙ্গন’ ইত্যাদি লিখাযুক্ত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক ও রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেন, রাকসুর তফসিল ঘোষণার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। প্রশাসন কেন কালক্ষেপণ করছে বা কোন অজানা ভয়ে তফসিল ঘোষণা করছে না, তার জবাব প্রশাসনই ভালো দিতে পারবে। তিনি বলেন, ‘রাকসু এবং সিনেট অধিবেশন নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে। রাকসুর মেয়াদ শেষ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তফসিল ঘোষণা করা হয়নি। রাকসু সফল না ব্যর্থ, তার চেয়ে বড় বিষয় হলো এটি শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণের একটি প্ল্যাটফর্ম। ছাত্র সংসদগুলোকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। অনতিবিলম্বে রাকসুর তফসিল ঘোষণা করতে হবে।’
অবস্থান কর্মসূচিতে রাবি সংস্কার আন্দোলনের সদস্য সচিব আরিফ আলভী বলেন, ‘কিছু মানুষের অদৃশ্য স্বার্থের কারণেই এই নির্বাচন আটকে রাখা হয়েছে। রাকসু সচল থাকলে ক্যাম্পাসে জবাবদিহিতা তৈরি হয়। শিক্ষার্থীরা সচেতন থাকলে কেউ স্বৈরাচারী মনোভাব দেখানোর সাহস পায় না। তাই ছাত্রজীবন থেকেই যেন নেতৃত্ব বিকশিত হতে না পারে, সেজন্যই রাকসু বা ডাকসুর মতো ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ রাখার পাঁয়তারা চলছে।’
তিনি বলেন, ‘প্রশাসন যদি রাকসু নির্বাচন দিতে গড়িমসি করে, তবে তাদের কোনো অদৃশ্য স্বার্থ রয়েছে বলে আমরা মনে করতে বাধ্য হবো। একটি পক্ষ ক্যাম্পাসে নিজেদের আধিপত্য বজায় রাখতেই এই নির্বাচন চায় না। কিন্তু আমরা সবসময় আধিপত্যবাদের বিরোধী। আমাদের দাবি ন্যায্য। প্রয়োজনে আরও কঠোর অবস্থানে গিয়ে এবং জীবনের বিনিময়ে হলেও আমরা আমাদের অধিকার ও নেতৃত্ব বিকাশের পথ প্রতিষ্ঠা করব।’
কর্মসূচিতে অংশ নেওয়া ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মুস্তাকিম বলেন, ‘দীর্ঘ এত বছর পর রাকসু নির্বাচন হয়েছে। আশানুরূপ না হলেও শিক্ষার্থীরা অন্তত তাদের আবেগ, মতামত ও অধিকারের কথা প্রকাশ করার জন্য রাকসু ভবনে যাওয়ার একটি জায়গা পেয়েছে। বর্তমানে ক্যাম্পাসে একটি সুন্দর ও সুস্থ পরিবেশ বিরাজ করছে। তা সত্ত্বেও কেন আমাদের রাকসু কার্যক্রম বুঝিয়ে দেওয়া হচ্ছে না, প্রশাসনের কাছে বারবার নোটিশ দিয়েও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। কোনো উপরমহলের চাপে বা অন্য কোনো কারণে এটি আটকে রাখা হয়েছে কি না, তা আমরা প্রশাসনের কাছে জানতে চাই।’
তিনি বলেন, ‘প্রশাসন সুস্পষ্টভাবে কারণ ব্যাখ্যা করুক, এরপর শিক্ষার্থীরা পরবর্তী আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমরা বর্তমানে সুশৃঙ্খলভাবে আন্দোলন করছি। রাকসু শিক্ষার্থীদের ন্যায্য অধিকার; প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা, দ্রুত আমাদের এই অধিকার ফিরিয়ে দেওয়া হোক।’
এর আগে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল রাবি সংস্কার আন্দোলন।









