
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর রাকসু ও হল সংসদ ফি আদায় করা হলেও সেই অর্থ ব্যয়ের নেই সুস্পষ্ট নীতিমালা। এই পরিস্থিতিতে দীর্ঘদিনের জমা অর্থের বড় একটি অংশ বর্তমান রাকসুর মেয়াদেই ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে একদিকে একটি সংসদের জন্য বিপুল অর্থ বরাদ্দের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে, অন্যদিকে ভবিষ্যৎ সংসদগুলোর আর্থিক সক্ষমতা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।
বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩২ হাজার শিক্ষার্থী রয়েছেন। প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে প্রতিবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ফি ১৫ টাকা এবং হল সংসদ ফি ৩০ টাকা আদায় করা হয়। এতে প্রতিবছর আদায় করা হয় প্রায় ১৪ লাখ ৪০ হাজার টাকা। সে হিসাবে প্রায় ৩৫ বছরে এ দুই খাতে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হয়েছে ৫ কোটি টাকার অধিক।
এদিকে দীর্ঘ প্রায় ৩৫ বছর পর ২০২৫ সালের ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয় রাকসুর ১৭তম নির্বাচন। রাকসুর বর্তমান সংসদ দায়িত্ব নেওয়ার পর ১৯৯১ থেকে ২০২৫ সাল পর্যন্ত ফান্ডের হিসাব তদারকিতে ছয় সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হলেও রাকসুর কোষাধ্যক্ষকে ফান্ডের হিসাব তদারকির দায়িত্ব দেওয়া হয়।
কোষাধ্যক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৫ সাল থেকে পরবর্তী সময়ের হিসাব সংগ্রহ করা সম্ভব হয়েছে। তবে ২০০৫ সালের আগের হিসাব বা নথি পাওয়া যায়নি। ২০০৫ সাল থেকে পরবর্তী সময়ের হিসাব পর্যালোচনা করে রাকসু ফান্ডে প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকার হিসাব পাওয়া গেছে। তবে এসব টাকা ব্যয়ের ক্ষেত্রে কোনো নীতিমালা কিংবা সীমাবদ্ধতা রাখা হয়নি। ফান্ডের মোট টাকার মধ্যে দুটি ফিক্সড ডিপোজিট রিসিপ্টে (এফডিআর) প্রায় ২ কোটি টাকা জমা রয়েছে। অবশিষ্ট প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা বর্তমান সংসদের বিভিন্ন কার্যক্রমে ব্যয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান বলেন, ‘আমরা ব্যাংকে চিঠি দিয়ে ২০০৫ সাল পর্যন্ত রাকসুর ফান্ডের হিসাব সংগ্রহ করতে পেরেছি। কিন্তু ২০০৫ সালের আগের কোনো হিসাব বা নথি বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়নি।’ রাকসু ফান্ড ব্যবহারের সীমাবদ্ধতা সম্পর্কে কোষাধ্যক্ষ বলেন, ‘রাকসুর গঠনতন্ত্র বা প্রচলিত নিয়মে এমন কোনো নির্দিষ্ট বিধান আমরা পাইনি।’
বর্তমান সংসদের জন্য প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মারুফ বলেন, ‘আগের প্রশাসন রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট বা পৃষ্ঠপোষক সংগঠনগুলোকে সুবিধা দিতে রাকসুর নামে বিভিন্ন ফান্ড বরাদ্দ করেছে। অথচ সেই অর্থ শিক্ষার্থীদের প্রকৃত সমস্যা সমাধানে কতটা কাজে এসেছে, তা আমরা দেখতে পাচ্ছি না।’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘একটি সংসদের জন্য এত বিপুল অর্থ বরাদ্দ দেওয়ার যৌক্তিকতা প্রশাসনকে ব্যাখ্যা করতে হবে। কারণ রাকসু শুধু বর্তমান সংসদের নয়; এটি ভবিষ্যতের শিক্ষার্থীদেরও প্রতিষ্ঠান। ফান্ডের প্রায় অর্ধেক একটি সংসদের মেয়াদেই ব্যয় হলে ভবিষ্যৎ সংসদগুলোর জন্য বাজেট ঘাটতি তৈরি হবে।’
শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা অর্থের অপব্যবহার করা একধরনের প্রতারণা ও অন্যায়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’
তবে রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান বলেন, ‘তৎকালীন উপাচার্যের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা পর্যন্ত ব্যয়ের সিদ্ধান্ত হয়েছিল।’
তবে বর্তমান উপাচার্য ও রাকসু সভাপতি অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘বর্তমান সংসদের ব্যয়ের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা থাকা প্রয়োজন। রাকসু কোনো একটি সংসদের জন্য নয়; এটি একটি ধারাবাহিক প্রতিষ্ঠান। একটি সংসদ ফান্ডের বড় অংশ ব্যয় করলে পরবর্তী সংসদ আর্থিক সংকটে পড়তে পারে।’
এদিকে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমরা যেহেতু ৩৫ বছরের কাজ এক বছরে করব, সে জন্য আমাদের বরাদ্দটা বেশি নেওয়া হয়েছে।’
রাকসুর গঠনতন্ত্রে বছরে দুইবার অডিটের বাধ্যবাধকতা থাকলেও বর্তমান সংসদের প্রায় ১০ মাসের কার্যক্রমে এখনো কোনো অডিট হয়নি। নিয়মিত অডিট না হওয়ায় অর্থ ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ বলেন, ‘বর্তমানে অর্থ ব্যবস্থাপনা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে, নিয়মিতভাবে অডিট করা হলে তা হয়তো হতো না।’
শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘নিয়মিত অডিটের হিসাব প্রকাশ ও উপস্থাপন না করা হলে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এরই মধ্যে অর্থ ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়ম ও অসংগতির অভিযোগও সামনে এসেছে।’
তবে রাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘অডিট না হওয়ার পেছনে বিশেষ কোনো কারণ নেই। মেয়াদ শেষে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কার্যক্রম নিরপেক্ষ ও শক্তিশালী অডিট টিমের মাধ্যমে পর্যালোচনা করা হবে।’

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বয়ানের সঙ্গে মাঠপর্যায়ের তথ্য, বাদীর বক্তব্য এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় কিছু অসংগতি দেখা দিয়েছে। এজাহারের সময় নিয়েও রয়েছে গরমিল। আর বাদী বলছেন, এজাহারে কী আছে, তিনি জানেন না।
২ ঘণ্টা আগে
খুলনা মহানগরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় তা মোকাবিলা নিয়ে বিএনপি ও খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। মহানগর বিএনপি গত সোমবার জরুরি সভায় এই পরিস্থিতির জন্য কেসিসির ‘ব্যর্থতাকে’ দায়ী করা হয়। এর পরদিন গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির...
২ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় বৃক্ষরোপণে ও সবুজায়ন বাড়াতে এক দশকে শতকোটি টাকার বেশি খরচ করা হয়েছে। কিন্তু পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থা ক্যাপসের গবেষণা বলছে, এই সময়ে ঢাকায় গাছপালা আচ্ছাদিত সবুজ এলাকা কমেছে ৩১ শতাংশের বেশি। ১০ বছর আগে ঢাকায় সবুজ এলাকা ছিল ১২ দশমিক ৫২ শতাংশ, বর্তমানে তা ৮ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।
২ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় মরদেহের সুরতহাল প্রতিবেদনকে কেন্দ্র করে জনরোষের শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওয়াপদা বাজারসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
৪ ঘণ্টা আগে