বাঘায় শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আড়ানী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চকসিংগা মহল্লায় তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনাটিকে ‘সাজানো নাটক’ বলে দাবি করেছে বিএনপি। দলটির স্থানীয় নেতাদের অভিযোগ, রাজনৈতিকভাবে নিজেকে বড় করে তুলে ধরতে শাহরিয়ার আলম নিজের লোকজন দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। অভিযোগের পক্ষে তাঁরা কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
স্থানীয় বাসিন্দা শামসুল ইসলাম বলেন, তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি সেখানে আসেন। চারজন বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেন, অন্য দুজন বাইরে অবস্থান করছিলেন।
শামসুল ইসলাম বলেন, ‘তাঁদের আগুন দিতে দেখে আমি জানতে চাই, আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে কী হবে? তখন তাঁরা বলেন, বেশি আগুন নয়, অল্প আগুন ধরাবেন, কোনো ক্ষতি হবে না। পরে লোকজন জড়ো হতে দেখে তাঁরা পালিয়ে যান। তাঁদের হাতে পিস্তল ছিল। সেটা খেলনা পিস্তল কি না, জানি না। তবে কোনো গুলি ছোড়েননি।’
৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুকূল আলী জানান, বেলা ১১টার দিকে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বাড়ির নিচে হালকা আগুন জ্বলতে দেখেন তিনি। পরে স্থানীয় লোকজনকে ডেকে আগুন নেভানোর ব্যবস্থা করেন। থানায় ফোন করে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে দেখে যায় বলে জানান তিনি।
মুকূল আলীর দাবি, এ ঘটনায় বিএনপির কেউ জড়িত নন; আওয়ামী লীগের লোকজনই নাশকতা করেছেন।
আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক মোবাইল ফোনে বলেন, তিনটি মোটরসাইকেলে পাঁচজন ব্যক্তি এসেছিলেন। তাঁদের প্রত্যেকের হাতে পিস্তল ছিল।
বাঘা থানায় চারটি পিস্তলের লাইসেন্স রয়েছে উল্লেখ করে তোজাম্মেল হক বলেন, এর মধ্যে তিনটি তাঁর তিন ভাইয়ের ও অন্যটি আরও এক ব্যক্তির। ওই পিস্তলধারীরা বিএনপির কেউ নন বলেও দাবি করেন তিনি।
তোজাম্মেল হক বলেন, শাহরিয়ার আলম রাজনৈতিক মহলে নিজেকে বড় করে তুলে ধরতে নিজের লোকজন দিয়ে ‘সাজানো নাটক’ করেছেন। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বললেই বিষয়টি পরিষ্কার হবে বলে দাবি করেন তিনি।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা করেছিল। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি টের পেয়ে তারা চলে যায়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।









