Ajker Patrika

নাজিরপুরে ট্রলারডুবির ৩ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি
নাজিরপুরে ট্রলারডুবির ৩ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুরে ট্রলারডুবির তিন দিন পর নিখোঁজ রীনা বেপারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ফেরিঘাটে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের তিন দিন পর রীনা বেপারী (৩৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার মধুরাবাধ এলাকায় নদীতে মরদেহটি ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত রীনা বেপারী নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠি গ্রামের শঙ্কর বেপারীর স্ত্রী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি খেয়াঘাট এলাকায় কালীগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ওই দিনই এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে শিশুটির মা রীনা বেপারী নিখোঁজ ছিলেন। এরপর থেকে তাঁর সন্ধানে উদ্ধার অভিযান চলছিল।

পিরোজপুর জেলা ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক রায়হানুর আশরাফ বলেন, ‘দুর্ঘটনার দিন শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল। তবে গৃহবধূ নিখোঁজ ছিলেন। আজ বুধবার সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মধুরাবাধ এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় এ উদ্ধার অভিযান পরিচালিত হয়। নিহতের দেবর মরদেহ শনাক্ত করার পর প্রশাসনিক প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা বলেন, ‘ঘটনাটি তদন্ত চলছে। তদন্তে কারও অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘাট ইজারাদারদের অবহেলা পাওয়া গেলে ইজারা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত