Ajker Patrika

কমিউনিটি পুলিশ কাবাডিতে জেলায় প্রথম দশমিনার আরিফ, প্রশাসনের সম্মাননা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 
কমিউনিটি পুলিশ কাবাডিতে জেলায় প্রথম দশমিনার আরিফ, প্রশাসনের সম্মাননা
আজ সকালে দশমিনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মো. আরিফ হোসেন সিকদারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ছবি: আজকের পত্রিকা

‘মাদক ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে পটুয়াখালী জেলায় প্রথম হয়েছেন দশমিনার কাবাডি খেলোয়াড় মো. আরিফ হোসেন সিকদার। তাঁর এ সাফল্যে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে দশমিনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। এর ধারাবাহিকতায় ১৯ সেপ্টেম্বর বিকেলে দশমিনা থানা-পুলিশের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাবাডি দলের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. আরিফ হোসেন সিকদার শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।

পরে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা শহরের শহীদ মিনারসংলগ্ন মাঠে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা খেলোয়াড়রা অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন দশমিনার আরিফ হোসেন সিকদার। এ সাফল্যের মাধ্যমে তিনি এখন বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মাদ সাজেদুল ইসলাম সজল। এ ছাড়া সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও জেলা ক্রীড়া বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ সাজেদুল ইসলাম সজল বলেন, ‘মাদক ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে তরুণ-তরুণীরা অংশ নেন। প্রতিযোগিতায় দশমিনার মো. আরিফ হোসেন সিকদার প্রথম হয়েছেন। তাঁকে বিভাগীয় পর্যায়ে খেলার জন্য পাঠানো হবে। জাতীয় পর্যায়ে সফল হলে তাঁর জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং ক্রীড়া ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।’

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, জেলা পর্যায়ের কাবাডি প্রতিযোগিতায় দশমিনার আরিফ হোসেন সিকদার প্রথম হয়েছেন। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও তাঁর পাশে থাকবে দশমিনা থানা-পুলিশ।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, জেলা পর্যায়ের প্রতিযোগিতায় দশমিনা উপজেলার হয়ে আরিফ হোসেন সিকদার প্রথম স্থান অর্জন করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার বেলা ১১টায় তাঁকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাঁকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম শানু, গণ অধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন, দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহউদ্দিন সৈকত, বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোরকান মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত