পায়রা সেতুতে টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ

পটুয়াখালীর পায়রা সেতুর টোল প্লাজায় তিনটি টয়োটা জিপের টোল দাবি করায় দায়িত্বে থাকা এক সুপারভাইজারকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে বরিশাল বিভাগীয় বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতার বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বরিশাল বিভাগীয় বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা তিনটি টয়োটা জিপ নিয়ে পায়রা সেতুর টোল প্লাজায় আসেন। এ সময় টোল আদায়কারীরা গাড়িগুলো থামিয়ে টোল দাবি করলে তাঁরা গাড়িগুলো টোলমুক্ত বলে দাবি করেন। এ নিয়ে টোল কালেক্টর চঞ্চল সরকারের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে তাঁরা চঞ্চল সরকারকে গালাগাল ও হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। চিৎকার শুনে দায়িত্বে থাকা সুপারভাইজার আউয়াল এগিয়ে গেলে কয়েকজন তাঁর ওপর চড়াও হন। পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের নেতৃত্বে তাঁকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মেরে আহত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে তাঁরা গাড়ি নিয়ে বরিশালের দিকে চলে যান।
আহত সুপারভাইজার আউয়াল জানান, তিনটি গাড়ির টোল দাবি করায় তাঁকে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করা হয়েছে। বিষয়টি টোল আদায়ের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান বেস্ট ইস্টার্ন কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি।
পায়রা সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠানের পরিচালক (অপারেশন) সজল বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁদের অনুমতি পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার। তিনি বলেন, ‘মারধরের কোনো ঘটনা ঘটেনি। শুধু কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়েছে।’
তাঁর দাবি, গাড়িগুলো সড়ক ও জনপথ বিভাগের কাছ থেকে টোলমুক্ত করা ছিল। টোলমুক্ত গাড়ি আটকে দেওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।









