
ধর্ষণের শিকার এক শিশুর স্বজনদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতালের নারী সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ওই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে। স্থানীয়রা চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তিন মিনিটের ভিডিওতে হাসপাতালের চিকিৎসক আবুল কাশেমকে বলতে শোনা যায়, ‘এই ব্যাটা থানায় যায় পড়ে রহিবো। বুঝিস নাই! কাগজ খান নিয়ে থানাত যায় পড়ে রহিস। কী ... করিস। হাসপাতালটা চিড়িয়াখানা পাইছে। মানসম্মান তোমাদের কিচ্ছু নাই। এ বেটা ঘুষায়ে নাক ফাটায় ফেলব।’
ভিডিওর পোস্টে অনেকে মন্তব্য করেছেন। Dr. Md Mojammel Haque Nahid লিখেছেন, ‘মেডিকেল সায়েন্সের সবচেয়ে বড় বিদ্যা হলো কাউন্সেলিং। রোগী ও স্বজনদের সঙ্গে চিকিৎসকের এই ধরনের ভাষা ব্যবহার করা উচিত নয়। কয়েকজনের কারণে পুরো চিকিৎসক সমাজ দোষারোপের শিকার হয়।’
Foysal Mahmud লিখেছেন, ‘ভয়ংকর, এই লোক কীভাবে চিকিৎসক হতে পারে!’ মাহাবুবার রহমান মিরাজ মন্তব্য করেছেন, ‘তার চিকিৎসা করার রেজিস্ট্রেশন বাতিল করা হোক।’
আর Nazrul Islam Nabir লিখেছেন, ‘এই অসভ্যের হওয়ার কথা ছিল লোকাল বাসের কন্ডাক্টর, হয়ে গেছে ডাক্তার!’
এদিকে ঘটনা সম্পর্কে জানতে চিকিৎসক আবুল কাশেমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে পঞ্চগড়ের সিভিল সার্জন মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ভিডিওটি আমার নজরে আসার পরপরই আমি আরএমওর কাছে ওই চিকিৎসককে শোকজ করে ব্যাখ্যা চাইতে বলেছি। ব্যাখ্যা পাওয়ার পর বোঝা যাবে, কেন তিনি এ ধরনের আচরণ করেছেন। বিষয়টি অপ্রত্যাশিত ও বিব্রতকর।’
উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর বিকেলে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় বাড়ির সামনে খেলা করছিল ভুক্তভোগী শিশু। এ সময় এক কিশোর তাকে খেলনা গাড়ি ও চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের একটি হলুদখেতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।
পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠান।

রাজশাহীর গোদাগাড়ীতে মারধরের শিকার এক যুবকের মৃত্যুর পর ময়নাতদন্ত না করেই লাশ দাফনে বাধ্য করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পরবর্তীতে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে স্থানীয় আদালতে একটি হত্যা মামলার আবেদন করেছেন।
৬ মিনিট আগে
এমনিতেই দেশে গ্যাসের ঘাটতি দিনে মোটামুটি এক হাজার মিলিয়ন ঘনফুট। ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে নতুন করে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাসাবাড়িতে রান্নার চুলা যেমন অচল হয়েছে, তেমনি সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও চলছে যানবাহনের দীর্ঘ অপেক্ষা।
৩৫ মিনিট আগে
বরিশালের বানারীপাড়া উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে সঞ্জিব রায় (২৭) নামে এক যুবককে মারধর এবং গলায় জুতার মালা পরিয়ে ঘোরানোর ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের একতারহাট এলাকার গোপাল মার্কেটে এ ঘটনা ঘটে...
২ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ এলাকায় সামিরুল শাহ (৬০) নামে এক চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
২ ঘণ্টা আগে