Ajker Patrika

পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলের অভিযোগ, গ্রেপ্তার ২

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ২৩: ২৮
পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলের অভিযোগ, গ্রেপ্তার ২
মো. রাসেল হক ও মো. বাবু হোসেন। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড়ে এক নারীর পোশাক পরিবর্তনের গোপন ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শারীরিক সম্পর্কে বাধ্য করার চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া এলাকার মো. রাসেল হক (২৬) ও একই ইউনিয়নের ছলিয়াপাড়া এলাকার মো. বাবু হোসেন (২৭)। এ ঘটনায় আবেশ (২৫) নামের আরও একজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী পঞ্চগড় সদর উপজেলার বাসিন্দা। গত সোমবার (৫ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে রাসেল হক ওই নারীকে হোয়াটসঅ্যাপে কল ও বার্তা দিয়ে জানান, তাঁর পোশাক পরিবর্তনের গোপন ভিডিও ধারণ করা হয়েছে। ওই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে সম্মানহানির হুমকি দেন।

এজাহারে আরও অভিযোগ করা হয়, পরদিন মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাসেল ওই নারীকে ফোন করে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। এতে রাজি না হলে গোপনে ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। বাদীর অভিযোগ, বাবু হোসেনের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে ওই নারীর গোপন ভিডিও ধারণ করা হয়। পরে তা আবেশের কম্পিউটারে সংরক্ষণ করা হয়। তিনজন পরস্পরের যোগসাজশে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীকে মানসিকভাবে চাপে রাখছিলেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশ এ ঘটনায় রাসেল হক ও বাবু হোসেনকে গ্রেপ্তার করে। তাঁদের ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়। পরে পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম সাজ্জাদ হোসেন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত