
পাবনার আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গী গ্রামে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে হামলা ও দোকানঘর ভাঙচুর করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ রোববার (১৪ জুন) সকালে আড়িয়াডাঙ্গী উচ্চবিদ্যালয় খোলার পর শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদে পাবনার আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গী বাজারে মানববন্ধন করে। এ সময় তারা অভিযুক্ত ব্যক্তির দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানায়।
মানববন্ধনের একপর্যায়ে উত্তেজিত জনতা আড়িয়াডাঙ্গী বাজারে অভিযুক্ত কাশেম শেখের মুদিদোকানসহ আরও একটি চায়ের দোকানে ভাঙচুর চালায়। পরে অভিযুক্ত কাশেম শেখের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া তাঁর কয়েকজন স্বজন ও প্রতিবেশীর বাড়িতেও ভাঙচুর করা হয়। অভিযুক্ত কাশেমের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে আগুন দেওয়ায় বাড়ি ও দোকানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। আগুন লাগার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অভিযুক্ত কাশেম শেখ আতাইকুলার আড়িয়াডাঙ্গী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। ভুক্তভোগী স্কুলছাত্রীর বাড়িও একই এলাকায়।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, গত বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১টায় আড়িয়াডাঙ্গী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী স্কুল শেষে বাড়ি ফিরছিল। এ সময় স্থানীয় খড় ব্যবসায়ী কাশেম শেখ তার হাত ধরে টানাটানি করেন। এ ঘটনায় পরদিন ১২ জুন ছাত্রীর মা বাদী হয়ে কাশেম শেখকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় মামলা করেন।
স্থানীয় বাসিন্দা মো. অলিউল্লাহ জানান, অভিযুক্ত কাশেম শেখ একজন মাদক কারবারি হিসেবে চিহ্নিত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
আড়িয়াডাঙ্গী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফাজুল ইসলাম বলেন, ‘আমাদের এক শিক্ষার্থীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। সবাই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছে।’
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ‘আজ সকালে আড়িয়াডাঙ্গী উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত কাশেমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে অভিযুক্ত কাশেমের বাড়ি ও দোকানে হামলা করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
ওসি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্ত কাশেম বর্তমানে পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

রাজধানীর ডেমরায় আনুমানিক ২৬ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ। উদ্ধারের সময় তাঁর ডান হাত ভাঙা ও রগকাটাসহ মুখের বাম পাশে ক্ষত দেখা গেছে। তার পরনে ছিল কালো প্যান্ট ও শরীরে ধূসর রঙের শার্ট ছিল...
১৩ মিনিট আগে
নিখোঁজের ১৮ মাস পর জানা গেল, পাবনার ঈশ্বরদীর পাকশী রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা অর্ধগলিত কিশোরীর লাশটি ঝিনাইদহের মহেশপুরের নিঝুম খাতুনের (১৭)। নিখোঁজ হওয়ার চার দিন পর, ২০২৫ সালের ১৭ মার্চ ওই লাশ উদ্ধার করেছিল ঈশ্বরদী থানা-পুলিশ। পরিচয় না মেলায় অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়েছিল তাঁকে..
২০ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে আনা ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় তিন রাস্তার মোড়ে অভিযানটি চালানো হয়।
২৮ মিনিট আগে
চাহিদামতো সার না পেয়ে ক্ষোভ বাড়ছে কৃষকের। অথচ সরকারি হিসাব বলছে, সারের সংকট নেই। এই অবস্থায় সারের সুষম বণ্টন নিশ্চিত, কৃত্রিম সংকট ও অতিরিক্ত সার কেনা ঠেকাতে রাজশাহীর পবা উপজেলায় ‘পবা সার ডটকম’ নামে ডিজিটাল সেবা চালু হয়েছে। এখন এক ক্লিকেই দেখা যাচ্ছে, কোন ডিলারের কাছে কী পরিমাণ সার আছে।
৪১ মিনিট আগে