Ajker Patrika

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের আরও এক শাখায় আগুন দেওয়ার চেষ্টা

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২১: ২৭
নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের আরও এক শাখায় আগুন দেওয়ার চেষ্টা
সদরের চল্লিশা রেলস্টেশনের কাছে রেললাইনে আগুন জ্বালানো হয়। ছবি: সংগৃহীত

নেত্রকোনায় এবার গ্রামীণ ব্যাংকের রৌহা শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় নিরাপত্তাকর্মীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। একই রাতে সদর উপজেলার চল্লিশা রেলস্টেশনের কাছে রেললাইনের ওপর শুকনো বাঁশ ও কাঠ জড়ো করে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। তবে এতে রেললাইন বা ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

গতকাল রোববার রাত ও আজ সোমবার ভোরে এসব ঘটনা ঘটে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রামীণ ব্যাংকের সদর উপজেলার রৌহা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আজ ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা শাখার বারান্দায় গ্রিলের পাশে রাখা পাটের বস্তায় পেট্রল ও মবিল মিশিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় শব্দ পেয়ে নিরাপত্তাকর্মী ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিলে তাঁর উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে বারান্দায় পেট্রলের দুটি বোতল, মবিল মেশানো ছেঁড়া বস্তা ও মবিলের একটি কৌটা পাওয়া যায়। নিরাপত্তাকর্মীর চিৎকার শুনে বাজারের পাহারাদার ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। দুর্বৃত্তরা আগুন ধরাতে না পারায় শাখাটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

গ্রামীণ ব্যাংকের নেত্রকোনার জোনাল ম্যানেজার নারায়ণ দত্ত মণ্ডল বলেন, ব্যাংকের সব শাখায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে পর্যায়ক্রমে শাখাগুলোতে ক্যামেরা স্থাপন করা হবে। এ ধরনের ঘটনায় একটি মামলা হয়েছে। অন্য ঘটনাগুলো পুলিশকে জানানো হলেও লিখিত অভিযোগ দেওয়া হয়নি। রৌহা শাখার ঘটনার বিষয়ে থানায় যোগাযোগ করে অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে ওসি আবুল খায়ের বলেন, রৌহা শাখায় দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। দুঃখজনক বিষয় হলো, গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় এ ধরনের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ পুলিশকে লিখিতভাবে কিছু জানাচ্ছে না।

এদিকে, একই রাতে সদর উপজেলার চল্লিশা রেলস্টেশনের কাছে রেললাইনের ওপর শুকনো বাঁশ ও কাঠে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। ওসি আবুল খায়ের জানান, দুর্বৃত্তরা রেললাইনের ওপর শুকনো বাঁশ ও কাঠ জড়ো করে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নেত্রকোনা রেলস্টেশনের স্টেশনমাস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আজ সকালে এনএসআইয়ের মাধ্যমে আগুন দেওয়ার ঘটনাটি জেনেছি। এতে রেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত