নরসিংদীতে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ (৪০) উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা সদরের মধ্যশীলমান্দী এলাকায় সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মধ্যশীলমান্দি সড়কের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
শেখেরচর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার পাশাপাশি হত্যাকারীদের শনাক্ত করতে কাজ চলছে।










