Ajker Patrika

নারায়ণগঞ্জে শিল্পাঞ্চল ও মহাসড়কের নিরাপত্তায় আনসারের ৪ প্লাটুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারায়ণগঞ্জে শিল্পাঞ্চল ও মহাসড়কের নিরাপত্তায় আনসারের ৪ প্লাটুন
নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি সড়ক দুর্ঘটনায় আহত পথচারীকে উদ্ধার করে সেবা দেন আনসার সদস্যরা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের চারটি প্লাটুন। তাদের তৎপরতায় দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি সড়ক দুর্ঘটনায় আহত এক পথচারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করেছেন আনসার সদস্যরা।

গতকাল শনিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলের ৪ নম্বর গেট এলাকায় দায়িত্ব পালনকালে একটি প্রাইভেট কারের ধাক্কায় এক পথচারী আহত হন। এ সময় আনসার সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রয়োজনীয় সহায়তা দেন এবং একটি গাড়িতে করে নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

বর্তমানে আনসার ব্যাটালিয়নের চারটি প্লাটুন কাঁচপুর ব্রিজের পূর্ব ঢাল, শিবু মার্কেট, ফতুল্লা, চাষাঢ়া মোড় ও বিসিক শিল্পাঞ্চলসহ নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছে।

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশৃঙ্খলা প্রতিরোধ, যানবাহন চলাচল নির্বিঘ্ন করা এবং কারখানার উৎপাদন সচল রাখতে নিয়মিত টহল, যৌথ প্যাট্রোলিং ও বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

এ ছাড়া ভাতাভোগী সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অঙ্গীভূত আনসার এবং নিজস্ব গোয়েন্দা সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তাঁরা। এসব কার্যক্রমের ফলে দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপদ কর্মপরিবেশ বজায় রয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত