আইনশৃঙ্খলা বাহিনী অতীতের ধারাবাহিকতায় চলছে: বদিউল আলম মজুমদার

দেশে সুশাসন প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাজনৈতিক নেতাদের খুশি করার প্রচলিত পন্থা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। আজ শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে পঞ্চম তলায় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সভায় নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বদিউল আলম মজুমদার বলেন, ‘নারায়ণগঞ্জের অনেক সুনাম আছে। একইসাথে নারায়ণগঞ্জের কিছুটা দুর্নামও আছে। সন্ত্রাসী জনপদ হিসেবে পরিচিতি, অন্যান্য অপকর্মের কেন্দ্রবিন্দু হিসেবে দুর্নাম। সেই জোট সরকারের আমলে র্যাব সৃষ্টি হয়েছিল, র্যাবের বিচার-বহির্ভূত হত্যার একজন ভিক্টিম ছিল এখানের ডেভিড। এ ছাড়া, সাত খুন, ত্বকী হত্যার মতো অনেকগুলো ঘটনা ঘটেছে, যা নারায়ণগঞ্জের জন্য দুর্নাম ডেকে আনে।’
বদিউল আলম বলেন, ‘আইশৃঙ্খলা বাহিনীকেও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। শুধুমাত্র রাজনৈতিক বস যারা, তাদের খুশি করার সেই প্রচলিত পন্থা থেকে বেরিয়ে আসেন, তাহলে এই সমস্যার সমাধান করতে পারবো।’
সুজন সম্পাদক বলেন, ‘প্রশাসন মাদক-সন্ত্রাস নির্মূলে আন্তরিক তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষের পারসেপশন খুবই গুরুত্বপূর্ণ। অতীতে যেভাবে চলেছে তারই ধারাবাহিকতা রক্ষা হচ্ছে। অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় যেসব অপকর্ম হয়েছে, বিভিন্ন ক্ষেত্র থেকে পৃষ্ঠপোষকতা, অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও যা ছিল, তা এখনো চলছে। হয়তো মাত্রায় ভিন্নতা থাকতে পারে, কিন্তু পরিস্থিতি বদলায় নাই।’
আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা বৃদ্ধি ও স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পরিবেশ সৃষ্টির উপর গুরুত্ব দেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘কিন্তু একইসাথে পুলিশের মধ্যে সততা, আন্তরিকতা, মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টি সৃষ্টি করতে হবে। তা নাহলে এই সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং আমাদের দেশটা বাসের অযোগ্য হয়ে যাবে।’
সুজনের সম্পাদক বলেন, ‘পুলিশের একার পক্ষে সব সম্ভব না। একটি রাষ্ট্রে নাগরিকেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের মালিকের অবস্থান থেকে তারা যদি পদক্ষেপ নেয় তাহলেই পরিবর্তন আসবে। পুলিশ শত চেষ্টা করলেও পারবে না, যদি না নাগরিক তার ভূমিকা পালন করে। সমাজের সচেতন মানুষদের সামাজিক সমস্যাগুলো দূর করতে কেবল আলোচনা নয়, সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।’
সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ‘মাদক কিশোর গ্যাং ছিনতাই ও সহিংসতামুক্ত নারায়ণগঞ্জ গঠনে করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক, নাগরিক ও পেশাজীবী সংগঠনের সদস্যদের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তারাও বক্তব্য রাখেন। সুজনের সমন্বয়কারী দিলীপ সরকারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল।
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন—জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, আমরা নারায়ণগঞ্জবাসীর আহ্বায়ক হাজী নূর উদ্দিন, মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, নাসিকের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, এনসিপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শওকত আলী, ইসলামী আন্দোলন মহানগরের আমীর মুফতি মাসুম বিল্লাহ, সিপিবি’র জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, ন্যাপের জেলা কমিটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আহমেদুর রহমান তনু প্রমুখ।









