
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রফিকুল ইসলাম নামের এক যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মারধরের অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জিহাদসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় ভুক্তভোগী রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁদাবাজির মামলা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রমজান আলী (২৩), মো. আল আমিন (২২), জিহাদ (২৬), গোলাম কিবরিয়া জয় (২১), রবিউল ইসলাম (২৪), মো. জাহাঙ্গীর (২৩) ও আরমান (২২)।
মামলার অভিযোগে বলা হয়, রফিকুল ইসলাম (২৫) বর্তমানে সিদ্ধিরগঞ্জপুল এলাকায় বসবাস করেন এবং পেশায় তিনি ক্রেনচালক। গতকাল সোমবার রাত ১০টায় বাড়ি ফেরার পথে আসামিরা তাঁকে ডেকে নিয়ে যান। পরে তাঁকে একটি অজ্ঞাত দোকানে আটকে রেখে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করা হয়।
অভিযোগে আরও বলা হয়, টাকা দিতে অস্বীকৃতি জানালে রফিকুল ইসলামকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তাঁর পকেটে থাকা সাড়ে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।
আজ সকালে রফিকুল ইসলাম তাঁর চাচা মো. হারিসকে ফোন করে ৪০ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানোর অনুরোধ করেন। বিষয়টি বুঝতে পেরে তাঁর চাচা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানান।
পরে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা মোড় থেকে রফিকুল ইসলামকে উদ্ধার করে। একই সময়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাঁরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে ডেকে এনে মুক্তিপণ আদায় করতেন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মামলার তিন নম্বর আসামি জিহাদ সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক। তিনি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটকে রেখে চাঁদা দাবির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে