Ajker Patrika

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসা থেকে সব মালামাল লুটের অভিযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসা থেকে সব মালামাল লুটের অভিযোগ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। রাহীর দাবি, স্থানীয় সাইদুর রহমান নামের এক ব্যক্তি ও তাঁর সহযোগীরা বাসার সব মালামাল লুট করে নিয়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে নিজ গ্রাম থেকে ফিরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভূমিপল্লী এলাকার ‘সাহানারা মঞ্জিল’ নামক ভাড়া বাসায় এসে এমন দৃশ্য দেখতে পান তিনি।

চুরির ঘটনায় বাড়ির পরিচালনার দায়িত্বে থাকা (কেয়ারটেকার) আপেল রাসেল (৪০) নামের ব্যক্তির নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রাহী।

কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ১ জুলাই থেকে তিনি ভূমিপল্লীর ‘সাহানারা মঞ্জিল’ ভবনে বসবাস করে আসছিলেন। সবশেষ ৭ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে তিনি বাসা তালাবদ্ধ করে নিজের গ্রামে যান। গ্রামে থাকা অবস্থায় সম্প্রতি সাইদুর রহমান নামের এক স্থানীয় বাসিন্দা তাঁর মুঠোফোন কল দিয়ে সাবধানে থাকার পরামর্শ দেন। গতকাল তিনি বাসায় ফিরে দেখতে পান বাসার সব আসবাবপত্র লুট হয়েছে।

রাহী বলেন, সাইদুর রহমান আমার পূর্বপরিচিত নয়। তাঁর সঙ্গে একদিন বাসার নিচে দেখা হয়েছিল। তখন তিনি আমাকে আগে থেকে চেনেন বলে জানান এবং মহল্লার ছেলেপেলে আমাকে খুঁজছে বলে জানান। তখন আমি তাঁকে প্রশ্ন করি, ‘আমি কি চোর বাটপার, আমাকে কেন পোলাপান খুঁজবে?’ তখন উনি আমাকে বলেন, ‘এই এলাকায় আমি তোমার ভাই, কেউ কিছু করতে এলে আমাকে জানাবে।’

তানভীর রাহীর অভিযোগ, সাইদুর রহমানেরা তাঁর বাসার এসি, ফ্রিজ, খাট, রান্নাঘরের চুলা, স্বর্ণের গয়না ও অন্য প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু নিয়ে গেছেন। তাঁর একটা জামাকাপড়ও রেখে যায়নি। সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়া হয়েছে।

তবে অভিযোগে সাইদুরের নাম উল্লেখ না করার কারণ জানতে চাইলে রাহী বলেন, বাড়ির কেয়ারটেকারের বিরুদ্ধে অভিযোগ করার কারণ হচ্ছে, তিনি সাইদুরের সঙ্গে জড়িত। আমি বাড়ির মালিককে চিনিও না এবং কেয়ারটেকারের মাধ্যমেই বাসা ভাড়া করি। উনি দায়িত্বে থাকা অবস্থায় আমার বাসা লুট হয়, এর দায়ভার পুরোপুরি তাঁর। তবে সাইদুর রহমানের বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে বলেও জানান রাহী।

তবে বাড়ির কেয়ারটেকার আপেলের স্ত্রীর দাবি, সাইদুল রহমান ৫-৬ জন লোক নিয়ে এসে তাঁর স্বামীকে বিভিন্নভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে রাহীর বাসার সব মালামাল নিয়ে যায়। তিনি বাড়ির মালিককে বিষয়টি জানিয়েছেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি কেয়ারটেকারও রাহীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কেয়ারটেকারের অভিযোগ, রাহী দুই মাস ধরে বাসা ভাড়া দেন না এবং বাসা ছাড়তে বলাতেও যাচ্ছেন না। দুটি অভিযোগই গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

অভিযুক্ত সাইদুর রহমানের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, আমরা তদন্ত করছি এবং তাঁর কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কি না, আমার জানা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত