
নেত্রকোনার মোহনগঞ্জে চাঁদা না পেয়ে যুবদল নেতা ও তাঁর সহযোগীরা এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার মোহনগঞ্জ পৌর শহরের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত ব্যবসায়ীর নাম জসীম উদ্দীন (৩৫)। তাঁর স্ত্রী নিশা আক্তারের দাবি, পৌর যুবদলের সদস্যসচিব ফয়সাল আহমেদ খোকনের নেতৃত্বে ১০-১২ জন হামলায় অংশ নেন।
জসীম উপজেলার পানুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীভিত্তিক রিক্রুটিং এজেন্সি মেসার্স আফিফ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। তিনি পরিবারসহ ঢাকায় বসবাস করেন।
জসীমের স্ত্রী নিশা জানান, ৫ আগস্টের পর থেকে যুবদল নেতা খোকন ও তাঁর সহযোগীরা জসীমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ার তাঁরা ক্ষিপ্ত ছিলেন। জসীম পরিবার নিয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়িতে আসেন। আজ তিনি জুমার নামাজ শেষে বেলা আড়াইটার দিকে মোহনগঞ্জ বাজারে যান ইফতারি কিনতে। পাথরঘাটা এলাকায় ইফতারি কেনার সময় খোকনসহ অন্যরা অতর্কিত হামলা চালান। রামদা দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জসীমকে গুরুতর জখম করেন।
স্থানীয় বাসিন্দারা পরে জসীমকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিশা বলেন, ‘জসীমের মাথায় রামদার গভীর কোপ লেগেছে। হাত-পা রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলেছে। এ ছাড়া শরীরের অনেক জায়গায় রামদার কোপ লেগেছে। এ ঘটনায় আমরা মামলা করব।’
এ ব্যাপারে জানতে যুবদল নেতা খোকনের মোবাইল ফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।
মোহনগঞ্জ থানার ওসি আমিনুল বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে