Ajker Patrika

ট্রেনে ছিনতাইকারীর হাতে শিক্ষক নিহত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ট্রেনে ছিনতাইকারীর হাতে শিক্ষক নিহত
প্রতীকী ছবি

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারিয়েছেন আনোয়ার হোসেন (২৮) নামের এক স্কুলশিক্ষক। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার হোসেনের বাড়ি ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের ফরিদপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. শাহজাহান। তিনি পুরান ঢাকার একটি স্কুলে শিক্ষকতা করতেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ভাই আক্তার হোসেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে বাড়ি ফেরার জন্য কমলাপুর রেলস্টেশন থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে ওঠেন আনোয়ার। ট্রেনটি কমলাপুর ছেড়ে বনানী এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা তাঁর টাকাপয়সা ছিনিয়ে নিয়ে তাঁকে ট্রেনের ছাদ থেকে ফেলে দেয়। নিচে পড়ে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ট্রেনে ওঠার পর বাড়ি ফেরার কথা জানিয়ে বড় ভাইয়ের মোবাইল ফোনে কথা বলেছিলেন আনোয়ার। তবে এর দুই ঘণ্টা পর থেকে তাঁর মোবাইল ফোনে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে আনোয়ার বাড়িতে না ফেরায় স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন স্থানীয়দের মাধ্যমে তাঁরা রাজধানীর বনানী এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধারের খবর পান।

বনানী ও বিমানবন্দর স্টেশন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিবারের সদস্যরা জানতে পারেন, ঘটনার দিন ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এক ছিনতাইকারীকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাঁকে বিমানবন্দর স্টেশনে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গতকাল শুক্রবার বিকেলে পরিবারের সদস্যরা আনোয়ারের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান। রাতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত